নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত
সীমান্তে ইয়াবার চালান লুটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বান্দরবান জেলা প্রতিনিধি · নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
প্রকাশ:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক কারবারিদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. শাহজাহান নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত শাহজাহান নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মিয়ানমার থেকে আটজনের একটি দল ইয়াবার চালান নিয়ে ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল সেটির পথরোধ করে। ইয়াবা লুটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং শেষ পর্যন্ত সশস্ত্র দলটি চালানটি ছিনিয়ে নেয়। এই সংঘর্ষে শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তিনি বলেন, “মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।”
ওসি মোজাম্মেল হক আরও উল্লেখ করেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ওই দলগুলো ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে। পুলিশ ইতিমধ্যে মূল হোতাদের চিহ্নিত করেছে এবং ইয়াবা উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের জন্য অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ বলে তিনি জানান।