হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি
বিজ্ঞাপন ও নাটকের পর এখন সিনেমায় নিয়মিত কাজ করছেন এই তরুণ অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি বর্তমানে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তিনি বর্তমানে সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’ সিনেমায় অভিনয় করছেন এবং এর আগে ‘ঢাকা ড্রিম’ সিনেমায় তাঁকে দেখা গেছে। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকের নিয়মিত মুখ হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অভিনয়ে আসার পেছনে ছোটবেলার স্মৃতি বড় ভূমিকা রেখেছে বলে জানান পূর্ণিমা। ছোটবেলায় তাঁর দাদা নিয়মিত পত্রিকা পড়তেন এবং বাড়িতে প্রতিদিন দু-তিনটি পত্রিকা আসত। সেই পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীদের ছবি দেখে তিনি অনুপ্রাণিত হতেন। সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই নিজের ছবি পত্রিকায় দেখার স্বপ্ন লালন করতেন তিনি।
পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ছোটবেলায় দাদাকে নিয়মিত পত্রিকা পড়তে দেখতাম। আমাদের বাড়িতে প্রতিদিন দু-তিনটি পত্রিকা আসত। প্রতিটি পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি ছাপা হতো। সেগুলো আমাকে খুব টানত। তখন মনে হতো, একদিন যদি ওই পত্রিকাগুলোতে আমার ছবিও ছাপা হতো! বিশেষ করে প্রথম আলোর বিনোদন পাতার মতো জায়গায় যদি আমাকে দেখা যেত। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি।’
২০১৪ সালে আরটিভির ‘সারদ সাজের রঙের দিদি’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে। এরপর বিজ্ঞাপনে কাজের সুযোগ তৈরি হয় এবং ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন। ২০১৮ সালে ‘পাগল মন’ নাটকের মাধ্যমে তাঁর নাটকে পথচলা শুরু হয়।
বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান থেকে এখন ফিকশন বা নাটকে বেশি মনোযোগ দিতে চান পূর্ণিমা। তিনি মনে করেন, নাটকে কাজ করলে সহশিল্পীদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখা সম্ভব। তিনি বলেন, ‘টেলিভিশন বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতাম। তবে ফিকশনে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সহশিল্পীদের কাছ থেকেও শেখার সুযোগ থাকে। প্রত্যেকের অভিনয়ের ধরন আলাদা। তাঁদের দেখে নতুন কিছু শেখা যায়। আমার মনে হয়, ফিকশনে কাজ করলে অভিনয় আরও ভালোভাবে শেখা ও নিজেকে তৈরি করার সুযোগ পাওয়া যায়।’
বিজ্ঞাপন
সম্প্রতি এনটিভিতে তাঁর অভিনীত তিনটি নাটক প্রচারিত হয়েছে এবং সামনে ঈদের নাটকেও তাঁকে দেখা যাবে। বিভিন্ন ব্র্যান্ডের ঈদ আয়োজনের কাজও করছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে তিনি বিপাশা হায়াত, টনি ডায়েস, আফসানা মিমি ও জাহিদ হাসানকে অনুসরণ করেন। হুমায়ূন আহমেদের নাটকের অভিনয় শৈলী তাঁকে বিশেষভাবে মুগ্ধ করে।
পূর্ণিমা বলেন, ‘বিপাশা হায়াত আপু, টনি ডায়েস ভাই, আফসানা মিমি আপু এবং জাহিদ হাসান ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগে। বিশেষ করে হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো। তাঁদের অভিনয় খুবই শালীন ও স্বাভাবিক। দেখতে আরাম লাগে। আমি তাঁদের কাছ থেকে শেখার চেষ্টা করি। তাঁদের অভিনয়ের একটা ছায়া যদি আমার মধ্যেও থাকে, সেটাই ভালো লাগবে।’
কাজের সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মনে হয়, অনেক কাজ করার প্রয়োজন নেই। কম কাজ করলেও ভালো গল্পে কাজ করতে চাই। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শকেরা স্বচ্ছন্দ বোধ করবেন, আনন্দ পাবেন এবং কিছু একটা শিখতে পারবেন। আমাকে যাঁরা চেনেন, তাঁরা যেন কাজ দেখে বলতে পারেন, ভালো অভিনয় করেছি।’
সিনেমা নিয়ে পূর্ণিমা জানান, ‘ঢাকা ড্রিম’ সিনেমায় তিনি পাখি চরিত্রে অভিনয় করেছেন, যা টরন্টোতে প্রদর্শিত হয়েছিল। নিজের ক্যারিয়ারের প্রিয় কাজের তালিকায় তিনি একটি বিজ্ঞাপন এবং ‘লাশের ছাড়পত্র’ নাটকটির কথা উল্লেখ করেন। বিবাহবিচ্ছেদ নিয়ে করা বিজ্ঞাপনটি তাঁকে নাড়া দিয়েছিল এবং ‘লাশের ছাড়পত্র’ নাটকে অভিনয়ের সময় বাস্তব অনুভূতির কারণে মানুষ তাঁকে হাসপাতালের রোগী ভেবে ভুল করেছিল।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি গান নিয়েও আগ্রহ রয়েছে পূর্ণিমার। এনটিভিতে প্রচারিত ‘মায়ার ছায়া’ নাটকের শুটিংয়ের সময় পরিচালক তাঁকে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কারণ, তখন নিয়মিত চর্চা করতাম না। পরে স্টুডিওতে গিয়ে কয়েকবার শুনে গানটি রেকর্ড করি। প্রকাশের পর সবার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। এখন মনে হচ্ছে, গান নিয়েও নিয়মিত চর্চা করা উচিত।’
নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা পূর্ণিমা বৃষ্টি প্রায় সাত বছর ধরে ঢাকায় বসবাস করছেন। ভবিষ্যতের কাজের ক্ষেত্রে তিনি এমন কিছু করতে চান যা দীর্ঘ সময় মানুষের মনে গেঁথে থাকবে।