কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম
২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পরও বাবর আজমের সমালোচনা করেছিলেন তৎকালীন কোচ মিকি আর্থার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সাধারণত সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসান কোচেরা, তবে বাবর আজমের ক্ষেত্রে ঘটনাটি ছিল ভিন্ন। পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার একবার বাবরকে বকাঝকা করেছিলেন, যার ফলে বাবর এতটাই অভিমান করেছিলেন যে টানা এক সপ্তাহ কোচের সঙ্গে কোনো কথা বলেননি। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচের পর।
বিজ্ঞাপন
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের দায়িত্বে থাকাকালীন বাবরের সঙ্গে আর্থারের সম্পর্ক বেশ ভালো ছিল। সেই সুসম্পর্কের কারণেই সেঞ্চুরির পর কোচের সমালোচনা বাবর স্বাভাবিকভাবে নিতে পারেননি বলে মনে করেন আর্থার। ‘দ্য সুপার ওভার’ পডকাস্টে স্মৃতিচারণা করতে গিয়ে মিকি আর্থার বলেন, ‘ট্রেন্ট ব্রিজে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। এরপর সে এক সপ্তাহ আমার সঙ্গে কথা বলেনি। অথচ বাবর আর আমার সম্পর্ক খুব ভালো ছিল।’
২০১৯ সালের ১৭ মে ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করেছিল। ওই ম্যাচে বাবর আজম ১১২ বলে ১১৫ রান করেছিলেন। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৪১ রান করে ম্যাচটি জিতে নেয়। বাবরের সেঞ্চুরির পরও আর্থারের অসন্তুষ্টি ছিল ইনিংসের একটি নির্দিষ্ট সময় নিয়ে। ৯০ থেকে ১০০ রানে পৌঁছাতে বাবর ১৫ বল ব্যয় করেছিলেন, অথচ সেঞ্চুরি করার পরের দুই বলেই তিনি দুটি ছক্কা হাঁকিয়েছিলেন।
বাবরের ব্যাটিংয়ের গতি নিয়ে প্রশ্ন তোলার কারণ ব্যাখ্যা করে আর্থার বলেন, ‘ও যদি ৭৮ বলে ৯০ রান করার পর আরও ৫ বলে সেঞ্চুরি করতে পারত, তাহলে আমরা আরও ১০ বল পেতাম। সেই ১০ বলে হয়তো আরও ১৫ রান করতে পারতাম, ম্যাচটাও সহজে জিততাম। আমার মতে, ওই সময়টাতেই আমরা ম্যাচটা হেরেছি।’ ড্রেসিংরুমে বাবরের সমালোচনা করায় তৎকালীন দলের অন্য সদস্যরাও আর্থারকে সমর্থন করেননি। সতীর্থরা তাঁকে বলেছিলেন, ‘বাবরকে তুমি এভাবে বলতে পারো না, ও তো সেঞ্চুরি করেছে।’
তবে আর্থারের মতে, বাবরের ওপর ওই সমালোচনার প্রভাব ইতিবাচক হয়েছিল। ২০১৯ সালের ২৬ জুন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ১২৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটি এখনো তাঁর মনে পড়ে। ওই ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে জয় পেয়েছিল এবং বাবর ম্যাচসেরা হয়েছিলেন। সেই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল পাকিস্তান। আর্থার বলেন, ‘ওই ইনিংসের কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়।’