নিমতলী প্রাসাদের দেউড়িতে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর
পুরান ঢাকার ২৬০ বছরের পুরোনো এই ভবনে নবাবি আমলের ইতিহাসের নানা নিদর্শন সংরক্ষিত আছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
কয়েক শ বছর আগের ঢাকার জীবনযাত্রা, নবাবি আমলের দরবার এবং তৎকালীন সংস্কৃতি সম্পর্কে জানতে পুরান ঢাকার নিমতলী প্রাসাদের ঐতিহাসিক দেউড়ি ভবনটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। প্রায় ২৬০ বছরের পুরোনো এই ভবনেই গড়ে তোলা হয়েছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। পাশাপাশি এখানে রয়েছে দুর্লভ বই ও গবেষণাসামগ্রীসমৃদ্ধ এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার।
বিজ্ঞাপন
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৬৫–৬৬ সালে ঢাকার নায়েব-নাজিম জসরত খানের বাসস্থানের জন্য এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। মোগল ও ইউরোপীয় স্থাপত্যরীতির সমন্বয়ে নির্মিত নিমতলী প্রাসাদটি একসময় ঢাকার প্রশাসনিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কালের বিবর্তনে প্রাসাদের অধিকাংশ অংশ বিলীন হলেও টিকে আছে এর পশ্চিম দিকের প্রবেশদ্বার বা দেউড়ি ভবনটি।
পুরান ঢাকার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ভবনটি সংস্কার করে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালের ১১ অক্টোবর জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং পরের বছরের জানুয়ারিতে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরের ছয়টি গ্যালারিতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ইতিহাস, দেউড়ি ভবনের সংরক্ষণ, নায়েব-নাজিমদের শাসনামল এবং ১৭০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।
জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো নায়েব-নাজিম নুসরত জংয়ের দরবারের ত্রিমাত্রিক উপস্থাপনা। এছাড়া জাদুঘর সংলগ্ন গ্রন্থাগারে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষা, সাহিত্য, সমাজ ও সংস্কৃতিবিষয়ক ২৫ হাজারের বেশি বই ও অন্যান্য সংগ্রহ রয়েছে। গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বইপ্রেমীরা নির্দিষ্ট নিয়ম মেনে এখানে পড়ার সুযোগ পান।
গ্রন্থাগারের সদস্যপদের তিনটি ধরন রয়েছে। শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েট মেম্বারশিপের বার্ষিক ফি ৫০০ টাকা, সাধারণ পাঠকদের জন্য একই সদস্যপদের ফি ১ হাজার টাকা এবং জেনারেল মেম্বারশিপের বার্ষিক ফি ২ হাজার টাকা। সদস্য হতে চাইলে নিমতলীতে অবস্থিত এশিয়াটিক সোসাইটির কার্যালয়ের সদস্যপদ বিভাগ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। শিক্ষার্থী হিসেবে আবেদন করলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হয়। তবে শুধু জাদুঘর দেখতে গ্রন্থাগারের সদস্য হওয়ার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর সপ্তাহে দুই দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা ও বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি খোলা থাকে। জাদুঘরের প্রবেশমূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ২০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ২০০ টাকা। শিক্ষার্থীদের প্রবেশের সময় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
অন্যদিকে এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। পুরান ঢাকার ৫ নম্বর ওল্ড সেক্রেটারিয়েট রোডে এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণে এই জাদুঘর ও গ্রন্থাগার অবস্থিত। জাদুঘর ও গ্রন্থাগারের সময়সূচি ভিন্ন হওয়ায় দুটিই ঘুরে দেখতে চাইলে বৃহস্পতিবারে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। তবে সরকারি ছুটি বা বিশেষ কারণে সময়সূচি পরিবর্তিত হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।