উপাচার্য নিয়োগের মানদণ্ড নিয়ে মন্তব্য জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর
রাজধানীর সেগুনবাগিচায় ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে তিনি এ কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরা। ২০২৮ সাল থেকে দেশের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন। যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি সাপকে খুব ভয় পাই। আর ব্যাঙকে নোংরা মনে করি। সুতরাং এই দুইটার সংস্পর্শে যাওয়া আমার পক্ষ সক্ষম হয়নি।’ এ সময় তিনি শিক্ষাকে অত্যাচারে পরিণত না করে আনন্দদায়ক করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল মাওলা, সম্পাদক আবদুল হাই শিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।