ব্রিটিশ গেমাররা জিটিএ সিক্স ও কনসোলের জন্য অনলাইনে তহবিল সংগ্রহ
নতুন গেইম ও কনসোল কেনার জন্য অনলাইনে সহায়তা চাইছেন শত শত গেইমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ সিক্স মুক্তি পাওয়ার আগে থেকে গেইমটি ও তা খেলার প্রয়োজনীয় কনসোল কেনার অর্থ জোগাড় করতে শত শত ব্রিটিশ গেইমার অনলাইনে তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম ‘গোফান্ডমি’ জানিয়েছে, গেইমটি বাজারে আসার আগের এক মাসে তাদের ওয়েবসাইটে ৪৬০টিরও বেশি তহবিল সংগ্রহের পেইজ খোলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এসব পেইজে গেইমটি কেনার পাশাপাশি কনসোল সংগ্রহের জন্য মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে। রকস্টারের এই সিরিজের আগের পর্বটি মুক্তির ১৩ বছর পর বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য নতুন গেইমটি উন্মুক্ত হয়। গেইমটি মুক্তির আগেই বেশ কিছু আবেদনে ৫ পাউন্ড থেকে শুরু করে ৪০০ পাউন্ড পর্যন্ত অনুদান জমা পড়েছে।
বিজ্ঞাপন
হ্যাম্পশায়ারের ইথান নামের এক তহবিল সংগ্রহকারী ‘পিএস৫’ কেনার জন্য ৪৮৪ পাউন্ড সংগ্রহ করেছেন। তিনি জানান, কাউকে চাপ না দিয়ে বরং যারা পেইজটি পড়ছেন তাদের ‘আরও গুরুত্বপূর্ণ কোনো খাতে’ অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমি একজন তরুণ শিক্ষার্থী ও জিটিএ সিক্স মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে খেলার জন্য একটি পিএস৫ হাতে পেতে খুব ইচ্ছুক। আপনাদের মনোযোগ ও যে কোনো ধরনের সহায়তার জন্য অনেক ধন্যবাদ। আপনার সামর্থ্য থাকলেই কেবল অনুদান দিন, তা না হলে অনুগ্রহ করে এর বদলে আরও গুরুত্বপূর্ণ কোনো খাতে দান করার কথা ভাবুন। আমি সাহায্য চাইছি, তবে কাউকে চাপ দিচ্ছি না; এটা কোনো অত্যাবশ্যকীয় বিষয় নয়, আর সত্যি বলতে বন্ধুদের সঙ্গে নিছক মজা হিসেবেই এর শুরু হয়েছিল।”
এদিকে ‘স্টোক-অন-ট্রেন্ট’-এর তামিলোর ট্যামজি সোনোইকি একটি পিএস৫ কেনার জন্য ৪০৫ পাউন্ড সংগ্রহ করেছেন। তিনি নিজের পেইজে লিখেছেন, “আমি কোনো প্রাসাদ, ল্যাম্বরগিনি বা দুবাইয়ে ছুটি কাটানোর আবদার করছি না। আমি কেবল নতুন জিটিএ সিক্স আসার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মের গেইমিং অভিজ্ঞতা নেওয়ার সুযোগটুকু চাইছি। যত ক্ষুদ্রই হোক না কেন, প্রতিটি অনুদান আমাকে আজীবনের এই স্বপ্ন পূরণের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে। জিটিএ সিক্স আসার আগে এক ভাইকে আরও উন্নত গ্রাফিক্স, দ্রুত লোডিং স্ক্রিন ও ১২০ এফপিএস দেখার সুযোগ করে দিতে অনুগ্রহ করে সাহায্য করুন।” তবে সব আবেদন সমান সাড়া পাচ্ছে না; যেমন পুলের এক বাবার ‘রাত ২টায় শিশুকে খাওয়ানোর সিমুলেটর’-এর জন্য করা ৭০ পাউন্ডের আবেদনটি তেমন সফল হয়নি।
গোফান্ডমির একজন মুখপাত্র জানান, দীর্ঘ প্রতীক্ষিত গেইমটি হাতে পেতে ভক্তদের এই উদ্যোগ তাদের উদারতার পরিচয় দেয়। গেইমটির মুক্তি একটি বড় বাণিজ্যিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা মুক্তির পর থেকে প্রায় ২০০ কোটি পাউন্ড আয় করেছে। বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘সেন্সর টাওয়ার’-এর হিসাব অনুসারে, গেইমটির প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রির পরিমাণ ৩ কোটি ২৫ লাখ ইউনিট ছাড়িয়েছে, যা থেকে আয় হয়েছে আনুমানিক ৩৮০ কোটি ডলার।