ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে মদরিচ বললেন ‘লজ্জার রাত’

ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে মদরিচ বললেন ‘লজ্জার রাত’

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে সতীর্থদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। একাদশে ফিরে এমন অনাকাঙ্ক্ষিত হারের পর জাতীয় দলের হয়ে লজ্জাবোধ করছেন বলে স্বীকার করেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। ক্রোয়েশিয়ান সংবাদমাধ্যমে দেওয়া…

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে সতীর্থদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। একাদশে ফিরে এমন অনাকাঙ্ক্ষিত হারের পর জাতীয় দলের হয়ে লজ্জাবোধ করছেন বলে স্বীকার করেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। ক্রোয়েশিয়ান সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে। 

নিজেদের ঘরের মাঠ রিজেকার এইচএনকে স্টেডিয়ামে গত শনিবার (৩ অক্টোবর) রাতে ইংলিশদের আক্রমণের তোপে চুরমার হয়ে যায় ক্রোয়েশিয়ার রক্ষণভাগ। হ্যারি কেইন ও বুকায়ো সাকার জোড়া গোলের পাশাপাশি জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স জাল খুঁজে নিলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

১৯৯১ সালে স্বাধীন ফুটবল দল হিসেবে আত্মপ্রকাশের পর এটিই ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। আন্তর্জাতিক ফুটবলে বরাবরই লড়াকু ও চমক দেখানো দলটি নিজেদের মাঠে এভাবে ভেঙে পড়বে, তা ভাবতেও পারেনি সমর্থকেরা।

স্পেনের বিরুদ্ধে বিশ্রামে থাকার পর এই ম্যাচে শুরুর একাদশে ফেরেন মদরিচ। তবে মাঠের এমন বাজে পারফরম্যান্সের পর কোনো অজুহাত দাঁড় করাতে চাননি তিনি। ক্রোয়েশীয় সংবাদমাধ্যম ‘জুতানজি’-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, কোনো লড়াই ছাড়া, ফাউল ছাড়া, আগ্রাসন ছাড়া এবং দলের মধ্যে কোনো ঐক্য ছাড়া কীভাবে এমন পারফরম্যান্স সম্ভব- তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। আমি ২০ বছর ধরে জাতীয় দলে খেলছি, কিন্তু ম্যাচের পর এবারই প্রথম নিজের মধ্যে লজ্জাবোধ হচ্ছে।

বছরের পর বছর ধরে অর্জিত সম্মান এই এক ম্যাচেই ধূলোয় মিশে গেছে বলে মন্তব্য করেন ৩৯ বছর বয়সী এই তারকা। তিনি যোগ করেন, ইংল্যান্ড এখন আমাদের চেয়ে ভালো দল, আপনি হারতেই পারেন। কিন্তু এভাবে হেরে এতদিন ধরে গড়ে তোলা সম্মান নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি খুবই লজ্জিত।

মাঠে পুরো দলের অসহায়ত্বের চিত্র তুলে ধরে মদরিচ বলেন, ফুটবল এভাবে খেলা যায় না। মনে হচ্ছিল আমরা মাঠের ৪-৫ জন খেলোয়াড় কম নিয়ে খেলছি। এটি ছিল একটি বিপর্যস্ত রাত। এখন আমাদের একে অপরের দিকে আঙুল না তুলে এবং কাউকে দোষী না বানিয়ে একসঙ্গে থাকতে হবে। এর আগেও আমরা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছি।

আগামী ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে দলের মানসিকতায় বড় ধরনের পরিবর্তনের তাগিদ দিয়েছেন ক্রোয়াট অধিনায়ক। তিনি বলেন, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কঠিন আরেকটি ম্যাচ সামনে অপেক্ষা করছে। আমাদের আত্মসম্মান, জেদ এবং জয়ের ইচ্ছা যে এক রাতে হারিয়ে যায়নি, তা মাঠে প্রমাণ করতে হবে।

সূত্র: গোলডটকম।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন