ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা

ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা

ইউক্রেনের একটি ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় জানায়, ওডেসা ও চেরনোমোরস্ক এলাকায় এসব স্থাপনায় হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেরান ড্রোন ব্যবহার করে চেরনোমোরস্কের নোভা…

ইউক্রেনের একটি ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় জানায়, ওডেসা ও চেরনোমোরস্ক এলাকায় এসব স্থাপনায় হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেরান ড্রোন ব্যবহার করে চেরনোমোরস্কের নোভা পোশতার একটি লজিস্টিকস কেন্দ্র এবং ওডেসার একটি ডাটা সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে দুই স্থাপনায় সরাসরি হামলার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন ডাটা সেন্টারেও হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে মস্কো। এসব হামলায় ইন্টারনেট ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে দাবি করা হয়েছে।

রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া একটি ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, একটি আকাশ নজরদারি রাডার, সামরিক কাজে ব্যবহৃত পরিবহন অবকাঠামো, অস্ত্রের গুদাম ও ড্রোন সংরক্ষণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ১৪৭টি স্থানে এসব হামলা চালানো হয়। এসব স্থানে ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থানও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দিনিপ্রো নদীর ওপর কিয়েভের সেভেরনি সড়ক সেতুতেও হামলা চালানো হয়েছে। সেতুটি সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হতো বলে দাবি করেছে মস্কো।

রাশিয়ার দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি গাইডেড বোমা, যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি হিমার্স রকেট এবং ১ হাজার ২২২টি ড্রোন ভূপাতিত করেছে।

এ ছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনী তাদের ঘেরাও আরও শক্ত করেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও মধ্য দোব্রোপিলিয়া এলাকায়ও রুশ সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করার পর মস্কোও ইউক্রেনের সামরিক শিল্প, বন্দর, জাহাজ চলাচল ও সামরিক সরবরাহব্যবস্থার ওপর হামলা বাড়িয়েছে।

রাশিয়ার দাবি, তাদের হামলার লক্ষ্য ইউক্রেনের যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত অবকাঠামো। তবে এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাশিয়ার তেল স্থাপনায় হামলা আরও বাড়ানোর ঘোষণা দেন। এর পরদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইউক্রেনে হামলা জোরদারের ঘোষণা দেয়। নতুন করে উত্তেজনা বাড়লে এর জন্য জেলেনস্কিকেই দায়ী করা হবে বলে মস্কো জানিয়েছে।

সূত্র: আরটি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন