ইনজেকশনে ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর কেন ব্যর্থ হলো, কী ঘটেছে?

ইনজেকশনে ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর কেন ব্যর্থ হলো, কী ঘটেছে?

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ক্রিস্টা পাইক। তার আইনজীবী জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক। ঘটনার পর টেনেসিতে চলতি বছরের বাকি সময়ের জন্য সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন অঙ্গরাজ্যের গভর্নর বিল…

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ক্রিস্টা পাইক। তার আইনজীবী জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক। ঘটনার পর টেনেসিতে চলতি বছরের বাকি সময়ের জন্য সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন অঙ্গরাজ্যের গভর্নর বিল লি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও তা কার্যকরের অনুমতি দেয়।

কারাগার কর্তৃপক্ষ পাইককে দুই ডোজ পেন্টোবারবিটাল ইনজেকশন দেয়। তবে তার হৃদস্পন্দন বন্ধ হয়নি। বৃহস্পতিবার রাতে তিনি অচেতন ছিলেন এবং ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন।

পাইকের আইনজীবীরা জানিয়েছেন, তার শরীরে ইনজেকশনের জন্য শিরায় সংযোগ স্থাপনের চেষ্টা করতে অন্তত সাতটি সূঁচ ব্যবহার করা হয়। তাদের দাবি, ইনজেকশন দেওয়ার সময় পাইক কাঁদছিলেন, কাতর শব্দ করছিলেন এবং জোরে শ্বাস নিচ্ছিলেন।

আইনজীবীদের অভিযোগ, ইনজেকশনের জন্য স্থাপন করা শিরার সংযোগ ঠিকভাবে কাজ করছে কি না, তা মৃত্যুদণ্ড কার্যকরকারী দলের কেউ বুঝতে পারেননি। তাদের দাবি, শিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওষুধের একটি অংশ রক্তনালির পরিবর্তে শরীরের টিস্যুর মধ্যে ঢুকে থাকতে পারে।

পাইকের আইনজীবীরা আগে থেকেই এ ধরনের সমস্যার আশঙ্কা করেছিলেন। জানুয়ারিতে তারা টেনেসের প্রাণঘাতী ইনজেকশন পদ্ধতির বিরুদ্ধে মামলা করেছিলেন। সেখানে বলা হয়েছিল, পাইকের থ্রম্বোসাইটোসিস নামের রক্ত জমাট বাঁধার একটি সমস্যা রয়েছে এবং তার শিরা ছোট হওয়ায় সূঁচ প্রবেশ করানো কঠিন।

মৃত্যুদণ্ড কার্যকরের সময় পাইকের ডান হাত বেগুনি হয়ে যেতে এবং ইনজেকশন দেওয়ার জায়গায় জ্বালাপোড়া হতে দেখেছেন বলে জানিয়েছেন তার এক আইনজীবী।

পেন্টোবারবিটাল ওষুধটি পুরোনো বা কার্যকারিতা হারিয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন পাইকের আইনজীবীরা। তবে টেনেসি কারেকশন বিভাগ জানিয়েছে, প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহৃত রাসায়নিকটি নিয়মিতভাবে কার্যকর হয়েছে।

কেন পাইক বেঁচে গেলেন?

পাইকের চিকিৎসক দলের পরামর্শক অ্যানেসথেসিওলজিস্ট জোয়েল জিভট বলেছেন, দুই ডোজ পেন্টোবারবিটাল স্বাভাবিকভাবে রক্তপ্রবাহে প্রবেশ করলে তার মৃত্যু হওয়ার কথা ছিল।

তার মতে, ওষুধটি সম্ভবত পর্যাপ্ত মাত্রায় রক্তে পৌঁছায়নি। পাইকের হাতে তৈরি হওয়া ফোসকা দেখে তিনি ধারণা করছেন, শিরা ফেটে গিয়ে ওষুধ শরীরের ত্বকের নিচের টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে।

পাইকের থ্রম্বোসাইটোসিসও এতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ইনজেকশনের জায়গায় রক্ত জমাট বেঁধে গেলে ওষুধ রক্তনালিতে প্রবেশে বাধা পেতে পারে।

ওষুধটির কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এমন হলে উৎপাদন বা সংরক্ষণে সমস্যার কারণে তা হতে পারে বলে জিভট জানিয়েছেন।

এরপর কী হবে?

মৃত্যুদণ্ড কার্যকরের পর পাইককে অন্য একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন এবং শরীর থেকে পেন্টোবারবিটাল বের করে দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

জিভট আশঙ্কা প্রকাশ করেছেন, চিকিৎসা শুরু হতে দেরি হওয়ায় পাইকের মস্তিষ্কে ক্ষতি হয়ে থাকতে পারে।

পাইকের আইনজীবীরা এখন তার মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার আবেদন করছেন। তবে এরপর কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতীতে ব্যর্থ মৃত্যুদণ্ডের পর দ্বিতীয়বার তা কার্যকরের অনুমতি দিয়েছে। ২০২৪ সালে আলাবামায় কেনেথ ইউজিন স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পরও দ্বিতীয়বার তা কার্যকরের অনুমতি দেওয়া হয়েছিল।

পেন্টোবারবিটাল কী?

পেন্টোবারবিটাল একটি শক্তিশালী ঘুমের ওষুধ। এটি শরীর ও স্নায়ুতন্ত্রের কার্যক্রম ধীর করে দেয়। চিকিৎসায় নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। উচ্চমাত্রায় এটি প্রাণঘাতী ইনজেকশন হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরে এই ওষুধের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। গত বছর মার্কিন ফেডারেল সরকারের একটি পর্যালোচনায় এটি ব্যবহারে অপ্রয়োজনীয় ব্যথা ও কষ্টের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

টেনেসিতে এর আগে কী হয়েছিল?

২০২৬ সালে টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এটিই প্রথম জটিলতা নয়। মে মাসে টনি ক্যারুথার্সের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়। তার শরীরে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার জন্য শিরা খুঁজে পাওয়া যায়নি। পরে গভর্নর তাকে এক বছরের জন্য মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এর আগেও মৃত্যুদণ্ড কার্যকরের সময় জটিলতা দেখা গেছে। ২০২২ সালে দেশজুড়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের এক-তৃতীয়াংশের বেশি ব্যর্থ বা গুরুতর সমস্যায় পড়েছিল বলে ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য উদ্ধৃত করেছে বিবিসি।

ক্রিস্টা পাইকের মামলা

বর্তমানে ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে ১৯৯৬ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর এক বছর আগে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এক কিশোর সংশোধন কেন্দ্রে স্লেমারকে হত্যা করা হয়। পাইকের তৎকালীন প্রেমিক টাডারিল শিপও এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, স্লেমার পাইককে অপমান করেছিলেন এবং শিপকে তার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিলেন।

হত্যাকাণ্ডের পর ওই কেন্দ্রের আরও দুই বাসিন্দা সাক্ষ্য দেন যে পাইক হত্যার কথা তাদের কাছে বলেছিলেন এবং স্লেমারের মাথার খুলির একটি অংশ তাদের দেখিয়েছিলেন।

শিপকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হত্যার সময় তার বয়স ১৮ বছরের কম থাকায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন