ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীভিয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ভেসে গিয়ে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুনে জেলার আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স একাডেমি’র শিক্ষার্থী ও শিক্ষকসহ ৪৮ জনের একটি দল প্রায় ১৭০ কিলোমিটার দূরের দীভিয়াগড় সৈকতে বেড়াতে যায়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে আট শিক্ষার্থী সমুদ্রে নামলে পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা স্রোতে ভেসে যায়।
ঘটনার পরপরই দীভিয়াগড়ের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তাঁর দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
নিহত শিক্ষার্থীরা হলেন তানময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকর এবং কৌশতুভ সন্দীপ দৌন্ড।
ঘটনায় গভীর শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন। নিহতদের মরদেহ আলন্দিতে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন সমন্বয় করছে বলেও জানান তিনি।
এদিকে মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় কোচিং সেন্টারটির দায়বদ্ধতা নির্ধারণ করা হবে বলেও তিনি জানান। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফরের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সূত্র: এনডিটিভি








মন্তব্য