আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলা, বহু হতাহত

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলা, বহু হতাহত

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দুই ডজন মানুষ নিহতের তথ্য পাওয়া গেছে। তবে ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে আফগান তালেবান সরকার। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় আরও ১১ জন আহত হয়েছেন বলে…

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দুই ডজন মানুষ নিহতের তথ্য পাওয়া গেছে। তবে ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে আফগান তালেবান সরকার। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তিনটি বাড়িতে এসব হামলা চালানো হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান মুজাহিদ। তিনি হামলার নিন্দা জানিয়ে একে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করেন।

এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের দুটি আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ২২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

তবে হামলায় হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের পরস্পরবিরোধী দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় হামলায় ২৪ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর আগে ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। এরপর প্রায় তিন মাস পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর আবারও সীমান্ত উত্তেজনা বেড়েছে।

জঙ্গিবাদ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের ভূখণ্ডে আন্তঃসীমান্ত হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানে জঙ্গিবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

গত দুই সপ্তাহে আফগানিস্তানে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলায় সন্ত্রাসী আস্তানা ও জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে প্রতিবারই হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ করেছে কাবুল।

রোববার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, পাকিস্তান থেকে একটি সশস্ত্র দল আফগানিস্তানে প্রবেশের পর তাদের বাহিনীর অভিযানে ২৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। ওই দলে ইসলামিক স্টেটের সদস্যরাও ছিল বলে দাবি করে কাবুল। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন