ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নতুন করে বিভিন্ন বিকল্প বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মধ্যে শেষ পর্যন্ত ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর)…

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নতুন করে বিভিন্ন বিকল্প বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মধ্যে শেষ পর্যন্ত ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য বিভিন্ন মডেল পর্যালোচনা করা প্রয়োজন। কোন পথ যুক্তরাজ্যের জন্য সবচেয়ে কার্যকর, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমরা বর্তমান অবস্থাতেই থাকতে পারি। কেউ যদি মনে করেন এটাই আমাদের থাকার সঠিক জায়গা, তাহলে সেটিও একটি বিকল্প। আমরা জর্জ অসবর্ন যে কাস্টমস ইউনিয়নের কথা বলেছেন, সেটি বিবেচনা করতে পারি। লিবারেল ডেমোক্র্যাটরা তাদের সম্মেলনে একক বাজারে ফেরার যে কথা বলেছে, সেটিও দেখতে পারি। অথবা আমরা পুরোপুরি ফিরে যেতে পারি।’

সাবেক কনজারভেটিভ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন ইইউর সঙ্গে যুক্তরাজ্যের কাস্টমস ইউনিয়ন গঠনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটরা যুক্তরাজ্যকে ইইউর একক বাজারে পুনরায় যুক্ত করার আহ্বান জানিয়েছে।

বার্নহাম বলেন, প্রতিটি বিকল্প কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়টি বিবেচনার পাশাপাশি প্রত্যেকটির সুবিধা ও অসুবিধাও পর্যালোচনা করতে হবে।

যুক্তরাজ্য ২০১৬ সালের গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয়। এর মাধ্যমে চার দশকেরও বেশি সময়ের সদস্যপদের অবসান ঘটে। এরপর দেশটিতে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং পরবর্তী সরকারগুলো ব্রেক্সিটের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব মোকাবিলায় নানা চ্যালেঞ্জের মুখে পড়ে।

মঙ্গলবার বার্নহাম জানিয়েছিলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে তিনি ইউরোপের সঙ্গে ব্রিটেনের দীর্ঘমেয়াদি সম্পর্কের সম্ভাব্য বিভিন্ন পথ তুলে ধরবেন।

জুলাইয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হওয়া বার্নহাম এর আগেও বলেছিলেন, নিজের জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবার ইইউতে দেখতে চান তিনি। একই সঙ্গে ব্রেক্সিট নিয়ে আরও এক দশক অনিশ্চয়তা বহন করার সামর্থ্য যুক্তরাজ্যের নেই বলেও মন্তব্য করেছিলেন।

বার্নহাম বলেন, ‘আমি এ বিষয়ে খুবই স্পষ্ট এবং সরাসরি বলছি, ব্রেক্সিট লাভের চেয়ে বেশি ক্ষতি করেছে। এখন প্রশ্ন হলো, আমরা এ বিষয়ে কী করব?’

সূত্র : রয়টার্স

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন