বলিউড অভিনেতা অজয় দেবগনের নতুন সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে দারুণ সূচনা করেছে। মুক্তির প্রথম দিনেই শত কোটি রুপির ক্লাবে নাম লেখানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সিনেমাটি। শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মাইলফলক ছোঁয়া না গেলেও প্রথম দিনের সংগ্রহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, দর্শকের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে উন্মাদনা এখনও কতটা প্রবল।
বক্স অফিস পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ভারতে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ সিনেমাটি ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এর বাইরে আন্তর্জাতিক বাজার বা বিদেশের বক্স অফিস থেকে এসেছে প্রায় ১৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মুক্তির দিনেই সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ৯৫ কোটি ১০ লাখ রুপি।
মুক্তির দিন ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মোট ১৫ হাজার ৭৫৯টি শোতে প্রদর্শিত হয়েছে এই সিনেমাটি। ভারতীয় বাজারে এর মোট গ্রস আয় হয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। হিন্দি ভাষার টুডি শোগুলোতে প্রথম দিনে গড়ে দর্শকের উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। সকালের দিকে দর্শকের সাড়া কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে রাতের শোগুলোতে এই হার বেড়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৪৬ শতাংশে গিয়ে পৌঁছায়।
ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তিকে প্রথম দিনের আয়ে বহু পেছনে ফেলে দিয়েছে এই সিনেমা। এর আগে দৃশ্যম টু মুক্তির দিন ভারতে ১৫ কোটি ৩৮ লাখ রুপি নেট এবং ১৮ কোটি ১৫ লাখ রুপি গ্রস আয় করেছিল। আর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম দৃশ্যম সিনেমার উদ্বোধনী দিনের নেট আয় ছিল ৫ কোটি ৮৫ লাখ রুপি।
অজয় দেবগনের ক্যারিয়ারেও এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী দিনের আয় হিসেবে রেকর্ড গড়েছে। তার অভিনীত আগের কয়েকটি সিনেমার মধ্যে সিংহাম এগেইন প্রথম দিনে ৪৩ কোটি ৭০ লাখ রুপি, সিংহাম রিটার্নস ৩২ কোটি ৯ লাখ রুপি এবং গোলমাল এগেইন ৩০ কোটি ১৪ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছিল।
সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে দারুণ সাড়া ফেলেছিল। মোট ৮টি শো ডেট মিলিয়ে অগ্রিম বুকিং থেকে ৭৯ কোটি ৭১ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্য থেকে ব্লক করা আসন বাদ দিলে কার্যকর অগ্রিম বুকিংয়ের পরিমাণ দাঁড়ায় ৬৭ কোটি ৭৯ লাখ রুপি। এই শক্তিশালী অগ্রিম টিকিট বিক্রিয়েই মূলত প্রথম দিনের বক্স অফিসে বড় ধরনের প্রভাব ফেলেছে।
সিনেমার কাহিনীতে দেখা যায়, আইনকে ফাঁকি দিয়ে বিজয় সালগাঁওকরের পার পাওয়ার কয়েক বছর পরের ঘটনা নিয়ে এগিয়ে চলেছে দৃশ্যম থ্রি-এর মূল গল্প। পুরোনো ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও তার পরিবারকে ঘিরে নতুন করে তদন্ত ও চাপ তৈরি হয়। এবার মূল প্রতিশোধের তাগিদে ফিরে আসে মীরা দেশমুখ। একই সঙ্গে ক্রাইম ব্রাচের এক শক্তিশালী নতুন কর্মকর্তা বিজয়ের তৈরি করা অ্যালিবাই ও মানসিক কৌশল ভেঙে সত্য বের করে আনার চেষ্টা চালান।
প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করায় শত কোটির মাইলফলক এখন একেবারেই নাগালের মধ্যে রয়েছে। একই সঙ্গে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি দৃশ্যম সিনেমার পুরো সময়ের বিশ্বব্যাপী আয়কেও খুব দ্রুত ছাড়িয়ে যাওয়ার পথে হাঁটছে এই সিনেমা। উল্লেখ্য, প্রথম দৃশ্যম বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল, যার মধ্যে ভারতে গ্রস আয় ছিল প্রায় ৯০ কোটি ৬৩ লাখ রুপি এবং বিদেশ থেকে এসেছিল ১৯ কোটি ৭৭ লাখ রুপি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








মন্তব্য