একসময়ে তরুণ প্রজন্মের মাঝে দারুণ জনপ্রিয়তা অর্জন করলেও সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল নানা বিতর্কিত কর্মকাণ্ড, মাদককাণ্ড এবং আইনি জটিলতায় বারবার খবরের শিরোনাম হয়েছেন। তবে অতীতের সেই দিনগুলোকে পেছনে ফেলে তিনি এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক পারিবারিক জীবনের পথে হাঁটছেন। তার এই শান্ত ও গোছানো সংসার দেখে ভক্তদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।
গত বছর নানাবিধ বিতর্কের মুখে পড়ার পর ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা মামলার বাদীকে বিয়ে করেন এই গায়ক। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সংসার করছেন তিনি এবং তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছুদিন আগে মঞ্চে ছেলেকে সবার সামনে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন নোবেল। এখন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে কেবল স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে কোলে থাকা ছেলেকে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। এই ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানান তিনি। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকে পোস্ট করা আরেকটি ভিডিওতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে। বাপজানের সঙ্গে সকালের আড্ডা কিংবা মাই ফ্যামিলি ক্যাপশনে স্ত্রী-সন্তানের সঙ্গে মিষ্টি মুহূর্তের নানা ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই গায়ক।
নোবেলের এমন দায়িত্বশীল ও পারিবারিক রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে শুভকামনা জানিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো সুন্দরভাবে সাজানোর পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার তিনজন মিলে জীবন গুছিয়ে নেওয়ার আহ্বান জানান। অতীতের সব বিতর্ক ঝেড়ে ফেলে নোবেল যেন আগামী দিনে শুধু গানে মনোযোগ দেন এবং একটি সুন্দর জীবন কাটান, এখন সেটাই প্রত্যাশা তার ভক্তদের।








মন্তব্য