নড়াচড়া করার ক্ষমতাও হারিয়েছেন নুসরাত ভারুচা

নড়াচড়া করার ক্ষমতাও হারিয়েছেন নুসরাত ভারুচা

ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনে গিয়ে মর্মান্তিক বিপত্তির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখানকার সমুদ্রসৈকতে সময় কাটানোর রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। মারাত্মক চোট লেগেছে তার মেরুদণ্ডে, যা থেকে স্পাইনাল ফ্র্যাকচার ধরা পড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে…

ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনে গিয়ে মর্মান্তিক বিপত্তির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখানকার সমুদ্রসৈকতে সময় কাটানোর রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। মারাত্মক চোট লেগেছে তার মেরুদণ্ডে, যা থেকে স্পাইনাল ফ্র্যাকচার ধরা পড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে নুসরাতকে দ্রুত মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানোর একটি দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, তার পাশে মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, খুব শিগগির তার স্পাইন সার্জারি সম্পন্ন করা হবে।

নুসরাতের পিআর (জনসংযোগ) টিমের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো তার সুচিকিৎসা ও স্বাস্থ্য নিশ্চিত করা। তার দ্রুত সুস্থতার স্বার্থে সংবাদমাধ্যম ও অনুরাগীদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

ঠিক এক সপ্তাহ আগে বালি সৈকত থেকে একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত লিখেছিলেন, ছুটির মেজাজে আছি, এবার কোথায় যাওয়া যায়? এর পরই তার জীবনে এ আকস্মিক বিপর্যয় নেমে আসে।

এদিকে এ দুর্ঘটনার খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন টাইগার শ্রফের সঙ্গে তার নতুন একটি প্রজেক্টে যুক্ত হওয়ার গুঞ্জন চলছিল। অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তার নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ভিজে ফ্রেমসের ব্যানারে এই প্রজেক্টের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এর আগে নুসরাতকে সর্বশেষ দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‌‘উফফ ইয়ে সিয়াপা’ সিনেমায়।

প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন নুসরাত। ২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ এবং পরে ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা টু’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো সিনেমাগুলো তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন