প্যারিস ফ্যাশন উইকে নিজের নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন ভিক্টোরিয়া বেকহ্যাম। সেখানে স্বামী ডেভিড বেকহ্যাম ও অন্য সন্তানরা উপস্থিত থাকলেও আসেননি বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম ও তার স্ত্রী নিকোলা পেল্টজ। একই শহরে থেকেও মায়ের এই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ায় পারিবারিক দূরত্বের আলোচনা নতুন করে সামনে এসেছে।
প্যারিসের কনসিয়ার্জেরিতে শুক্রবার রাতে (স্থানীয় সময়) অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে পরিবারের সদস্যরা সামনের সারিতে ছিলেন। শো শেষে আবেগাপ্লুত ভিক্টোরিয়ার পাশে পরিবারের উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। অতীতে যিনি নিয়মিত মায়ের ফ্যাশন শোতে ছায়ার মতো পাশে থাকতেন, আজকের বিশেষ দিনে ব্রুকলিনের অনুপস্থিতি যেন পারিবারিক দূরত্বের কষ্টটাকে আরও বেশি প্রকট করে তুলেছিল।
ব্রুকলিন ও তার স্ত্রী প্যারিসেই ছিলেন এবং বুধবার (৩০ সেপ্টেম্বর) এক পার্টিতেও তাদের দেখা গেছে। শোয়ের আগে ডেভিড একটি ভিডিওতে লাইক দিলেও সম্পর্কের বরফ গলেছে কি না, তার কোনো স্পষ্ট লক্ষণ মেলেনি। ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, দুই ভাইয়ের সম্পর্ক এখনো বেশ তিক্ত ও টানাপোড়েনের মধ্যে রয়েছে।
এর আগে ডেভিডের জন্মদিনের অনুষ্ঠানে ব্রুকলিনের অনুপস্থিতির পর পারিবারিক সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। এবার প্যারিসে একই শহরে থেকেও মায়ের ফ্যাশন শোতে ব্রুকলিনের অনুপস্থিতি সেই দূরত্বের কথাই আবারও মনে করিয়ে দিল।
সূত্র: ডেইলি মেইল








মন্তব্য