আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ফ্যান্টাসি ঘরানার ছবি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’। সিনেমাটি দেখার পর মালায়লাম তারকা ফাহাদ ফাসিলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু।
ফাহাদ ফাসিলের অভিনয়ে মুগ্ধ হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় তারকা মহেশ বাবু। পরিচালক শশাঙ্ক ইয়েলেতির নতুন সিনেমা ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ দেখে তিনি এর ভূয়সী প্রশংসা করেছেন। আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের অনুভূতির কথা জানান মহেশ বাবু। তিনি লেখেন, সিনেমাটি দেখলাম। কী সুন্দর ও পরিপূর্ণ এক অভিজ্ঞতা! দারুণভাবে নির্মিত এবং আনন্দদায়ক একটি ছবি। একই সঙ্গে এটি যেমন বিনোদন দিয়েছে, তেমনি গভীরভাবে আবেগতাড়িতও করেছে। পুরো সিনেমাজুড়েই এক ধরনের বিরল উষ্ণতা রয়েছে।
সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী ফাহাদ ফাসিল ও শিশুশিল্পী সারার অভিনয়ের প্রশংসা করেছেন মহেশ বাবু। ফাহাদকে উদ্দেশ করে তিনি লেখেন, ফাহাদ স্যার আপনি একজন অসাধারণ অভিনেতা। আপনাকে প্রতিনিয়ত নতুনভাবে নিজেকে মেলে ধরতে, নানা ধরনের চরিত্রে পরীক্ষা-নিরীক্ষা করতে এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফাহাদ স্যার ও আমাদের ছোট্ট সারা একসঙ্গে দারুণ। প্রতিটি মুহূর্তে চরিত্রগুলোকে জীবন্ত হয়ে উঠতে দেখা যায়।
প্রযোজক এস এস কার্তিকেয়াকে শুভেচ্ছা জানিয়ে মহেশ বাবু আরও লেখেন, কার্ত, এর চেয়ে বিশেষভাবে আর শুরুটা হতে পারত না। এই সিনেমার জন্য তুমি যে পরিমাণ পরিশ্রম করেছ, তার পর এখন নিশ্চিন্তে শ্বাস নিতে পারো। তুমি ও শোভু অসাধারণ কিছু তৈরি করেছ। তোমাদের দুজনের জন্য আমি সত্যিই খুব খুশি। শশাঙ্ক, তুমি দারুণ কাজ করেছ। এই সুন্দর জগৎটিকে যেভাবে একত্র করেছ, তা সত্যিই প্রশংসনীয়।
পোস্টের শেষে পুরো দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি উল্লেখ করেন, সবারই এই জাদুর অভিজ্ঞতা নেওয়া দরকার।
‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শোভু ইয়ারলাগাড্ডা, প্রসাদ দেবিনেনি ও এস এস কার্তিকেয়া। এই ছবিটি উপস্থাপনা করছেন পরিচালক এস এস রাজামৌলি। ফ্যান্টাসি ঘরানার এই সিনেমার তামিল, মালায়লম ও তেলেগু ট্রেলারে ভয়েসওভার দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের তিন কিংবদন্তি কমল হাসান, মোহনলাল ও বালকৃষ্ণ।
শশাঙ্ক ইয়েলেতি সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন। চিত্রনাট্যে তার সঙ্গে সহলেখক হিসেবে রয়েছেন হামজা আলী। এর সংগীত পরিচালনা করেছেন কালা ভৈরবা। অস্ট্রেলীয় চিত্রগ্রাহক ব্র্যাড ফ্রান্সিস চিত্রগ্রহণ করেছেন এবং সম্পাদনা করেছেন প্রবীণ অ্যান্থনি।
সূত্র: সিয়াসাত








মন্তব্য