সিনেমাপ্রেমীদের জন্য দারুণ এক ব্যস্ত সময় নিয়ে হাজির হচ্ছে ২০২৬ সালের শেষ প্রান্ত। বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরজুড়ে বিশ্বজুড়ে মুক্তি পাবে হলিউড ও ভারতীয় সিনেমার বেশ কিছু আলোচিত মেগা আয়োজন। অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট ডাউনি জুনিয়রদের পাশাপাশি এই সময়ে পর্দা কাঁপাতে আসছেন রণবীর কাপুর, অজয় দেবগন ও শাহরুখ খানের মতো তারকারা।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বছরের শেষভাগে মুক্তির অপেক্ষায় থাকা ১০টি আলোচিত সিনেমার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
১. ভেরিটি | ১ অক্টোবর
কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ডাকোটা জনসন ও জশ হার্টনেট। মাইকেল শোওয়াল্টার পরিচালিত ছবিটিতে অ্যান হ্যাথাওয়ে লেখক ভেরিটি ক্রফোর্ড এবং ডাকোটা জনসন লোয়েন অ্যাশলির চরিত্রে অভিনয় করেছেন। ভেরিটির অসমাপ্ত বই শেষ করার দায়িত্ব পেয়ে লোয়েন তার কিছু অস্বস্তিকর আত্মজীবনীমূলক নোট খুঁজে পান। ছবিটি বিশ্বজুড়ে ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২. দৃশ্যম: দ্য কনক্লুশন | ১ অক্টোবর
অজয় দেবগন আবারও ফিরছেন তার জনপ্রিয় চরিত্র বিজয় সালগাঁওকরের ভূমিকায়। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাটিতে প্রকাশ রাজসহ আগের কিস্তির বেশ কয়েকজন অভিনেতা থাকছেন। বিজয় সালগাঁওকরকে কেন্দ্র করে এগোনো এই ছবির মাধ্যমে সমাপ্তির দিকে পৌঁছাবে ফ্র্যাঞ্চাইজিটির গল্প।
৩. দ্য সোশ্যাল রেকনিং | ৯ অক্টোবর
ফেসবুককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন অ্যারন সরকিন। এতে অভিনয় করেছেন জেরেমি অ্যালেন হোয়াইট, মাইকি ম্যাডিসন ও জেরেমি স্ট্রং। গল্পে ফেসবুকের হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেন এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জেফ হরউইটজের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটির ভেতরের নানা দিক তুলে ধরা হবে। এতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। সংযুক্ত আরব আমিরাতে ছবিটি মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর।
৪. স্ট্রিট ফাইটার | ১৬ অক্টোবর
জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমায় রিউ চরিত্রে অ্যান্ড্রু কোজি এবং কেন চরিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও। এ ছাড়া চুন-লি চরিত্রে কালিনা লিয়াং এবং ব্লাঙ্কার ভূমিকায় দেখা যাবে জেসন মোমোয়াকে। ১৯৯৩ সালের পটভূমিতে তৈরি এই গল্পে চুন-লির ডাকে ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্টে অংশ নেয় রিউ ও কেন, এরপর তারা জড়িয়ে পড়ে এক বিশাল ষড়যন্ত্রে।
৫. ক্লেফেস | ২৩ অক্টোবর
ডিসির জনপ্রিয় চরিত্র ক্লেফেসকে নিয়ে আসছে নতুন এই সিনেমা। ব্যাটম্যানের জগতের আকৃতি বদলাতে সক্ষম এই ভিলেনকে এবার দেখা যাবে নিজের ছবির মূল চরিত্রে। ওয়ার্নার ব্রাদার্সের সূচি অনুযায়ী ২৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে ছবিটির।
৬. রামায়ণ: পার্ট ওয়ান | ৬ নভেম্বর
নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার অন্যতম বড় একটি আয়োজন। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সানি দেওল। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন এ আর রহমান ও হ্যান্স জিমার। আগামী ৬ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে এর প্রথম পর্ব। এরপর এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
৭. দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিয়াপিং | ২০ নভেম্বর
জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ সিরিজের ষষ্ঠ এই সিনেমাটি দর্শকদের নিয়ে যাবে ক্যাটনিস এভারডিনের গল্পের ২৪ বছর আগের সময়ে। ৫০তম হাঙ্গার গেমস এবং দ্বিতীয় কোয়ার্টার কুয়েলের ঘটনা দিয়ে শুরু হবে এই পর্ব, যেখানে উঠে আসবে তরুণ হেমিচ অ্যাবারনেথির গল্প। ছবিটি মুক্তি পাবে ২০ নভেম্বর।
৮. অ্যাভেঞ্জার্স: ডুমসডে | ১৮ ডিসেম্বর
মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজি আবারও বড় পর্দায় ফিরছে। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, পেড্রো প্যাসকেল, ভেনেসা কারবি, অ্যান্থনি ম্যাকি ও ফ্লোরেন্স পিউ অভিনীত এই ছবিতে ভিভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। একাধিক মহাবিশ্বের নায়কদের মুখোমুখি হতে হবে এক ভয়াবহ হুমকির। জো রুশো ও অ্যান্থনি রুশো পরিচালিত ছবিটি ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৯. ডুন: পার্ট থ্রি | ১৮ ডিসেম্বর
একই দিনে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডুন: পার্ট থ্রি’। ডেনিস ভিলনেভ পরিচালিত এই ছবিতে পল অ্যাট্রেইডিসের চরিত্রে আবারও দেখা যাবে টিমোথি শ্যালামেকে এবং চানি চরিত্রে থাকছেন জেন্ডায়া। পাশাপাশি ফ্লোরেন্স পিউ, জেসন মোমোয়া, আনিয়া টেলর-জয়, হাভিয়ের বারদেম, রেবেকা ফার্গুসনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন। পল অ্যাট্রেইডিস ইম্পেরিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার প্রায় দুই দশক পরের সময়কাল নিয়ে এগিয়েছে এর গল্প। সংগীত পরিচালনার দায়িত্বে আবারও রয়েছেন হ্যান্স জিমার।
১০. কিং | ২৪ ডিসেম্বর
বছরের একদম শেষ দিকে শাহরুখ খানের ‘King’ নিয়ে বড় পর্দায় আসছে আরেকটি মেগা আয়োজন। ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন ও সুহানা খান। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর আবারও অ্যাকশন অবতারে শাহরুখকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে ছবিটির।
আলোচনায় থাকা অন্যান্য সিনেমা
সেরা দশের বাইরেও বছরের শেষ ভাগে রয়েছে আরও কিছু ছবি। এর মধ্যে নভেম্বরের ২৭ তারিখে আয়ুস্মান খুরানা ও শর্বরীর ‘ইয়ে প্রেম মোল লিয়া’, ৪ ডিসেম্বর শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ এবং বড়দিনের সময় ভিকি কৌশলের ‘মহাবতার’ মুক্তির তালিকায় রয়েছে। বিশেষ করে ১৮ ডিসেম্বর একই দিনে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’-এর মুক্তি এবং এর মাত্র কয়েক দিন পর ২৪ ডিসেম্বর শাহরুখ খানের ‘কিং’-এর আগমন বক্স অফিসে তৈরি করবে দারুণ লড়াই।
সূত্র: গালফ নিউজ








মন্তব্য