বাংলা লোকসঙ্গীতে নতুন প্রজন্মের কণ্ঠস্বর হৃদয় জেজে

বাংলা লোকসঙ্গীতে নতুন প্রজন্মের কণ্ঠস্বর হৃদয় জেজে

বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্যকে আধুনিক সংগীতায়োজনের সঙ্গে মিলিয়ে কাজ করছেন তরুণ গায়ক, সুরকার ও মিউজিক প্রডিউসার হৃদয় জেজে। লোকজ সুর, বাউল ভাবধারা ও সমকালীন সাউন্ডের সমন্বয়ে নিজের সংগীতভুবন তৈরি করার পাশাপাশি লাইভ পারফর্মেন্সের জন্য গড়ে তুলেছেন ব্যান্ড ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’…

বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্যকে আধুনিক সংগীতায়োজনের সঙ্গে মিলিয়ে কাজ করছেন তরুণ গায়ক, সুরকার ও মিউজিক প্রডিউসার হৃদয় জেজে। লোকজ সুর, বাউল ভাবধারা ও সমকালীন সাউন্ডের সমন্বয়ে নিজের সংগীতভুবন তৈরি করার পাশাপাশি লাইভ পারফর্মেন্সের জন্য গড়ে তুলেছেন ব্যান্ড ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’ (Ridoy Jj & Friends)।

হৃদয় জেজের সংগীতচর্চার অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলা ফোক ও লোকসংগীতের মূল আবহ ধরে রেখে তাতে আধুনিক সংগীতায়োজন যুক্ত করা। দোতারা, একতারা ও বাঁশির মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক সাউন্ড ডিজাইন ও অ্যারেঞ্জমেন্টের সমন্বয়ে তিনি তৈরি করছেন ফোক ফিউশনধর্মী গান।

হৃদয় জেজের পরিবেশিত ও সুর করা গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি কার পোষা পাখি’, ‘ডানা ভাঙ্গা পাখি’ ও ‘সাধুর বাগানে’। লোকজ ও আধ্যাত্মিক আবহের এসব গানে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা রয়েছে। মৌলিক গানের পাশাপাশি প্রচলিত লোকগানও নতুন সংগীতায়োজনে উপস্থাপন করছেন তিনি। ‘বাওকুমটা বাতাস’-এর মতো ঐতিহ্যবাহী লোকগান নতুন সংগীতের আবহে পরিবেশনের মাধ্যমেও শ্রোতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এই শিল্পী।

স্টুডিওকেন্দ্রিক কাজের পাশাপাশি লাইভ মিউজিকেও গুরুত্ব দিচ্ছেন হৃদয় জেজে। সেই লক্ষ্যেই গড়ে তুলেছেন ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’। ব্যান্ডটির সংগীতধারায় রয়েছে ফোক ফিউশন, অলটারনেটিভ ফোক ও ট্র্যাডিশনাল বাংলা সংগীত। গ্রামীণ মেঠো সুর, বাউল ও লোকজ সংগীতের ঐতিহ্যকে আধুনিক ব্যান্ডসংগীতের সঙ্গে যুক্ত করে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করাই ব্যান্ডটির অন্যতম লক্ষ্য।

ব্যান্ডটিতে হৃদয় জেজের সঙ্গে রয়েছেন একদল অভিজ্ঞ ও তরুণ মিউজিশিয়ান। গিটারে ম্যাক মানিক ও রাজিব রায়, কি-বোর্ডে শেফাল সিংহ, বাঁশিতে মুন্সি জুয়েল এবং ড্রামসে জয় রায়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে ব্যান্ডটির লাইভ পরিবেশনায় ফোক ও আধুনিক সাউন্ডের মিশ্র আবহ তৈরি হচ্ছে।

নিজস্ব মিউজিক্যাল স্টুডিও ‘আখড়া বাড়ি’কে কেন্দ্র করে নতুন গান, সংগীতায়োজন ও ফোকভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন হৃদয় জেজে। স্টুডিওটিকে ঘিরে নিয়মিত নতুন সংগীত প্রযোজনার পাশাপাশি ভবিষ্যতে আরও ফোক ফিউশনধর্মী কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

বাংলা লোকসংগীতের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে সমকালীন সংগীতের ভাষায় তা নতুন শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হৃদয় জেজে। একক কাজের পাশাপাশি ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’-এর মাধ্যমে মঞ্চেও সেই সংগীতভাবনার প্রকাশ ঘটাচ্ছেন তিনি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন