এমটিভি ভিএমএ জিতে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

এমটিভি ভিএমএ জিতে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে সফল শিল্পী হওয়ার রেকর্ড গড়েছেন টেলর সুইফট। রোববারের (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠানে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের জন্য ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার জিতে তিনি এ রেকর্ড গড়েন। খবর বিবিসির। অনুষ্ঠানের আগে ৩০টি পুরস্কার…

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে সফল শিল্পী হওয়ার রেকর্ড গড়েছেন টেলর সুইফট। রোববারের (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠানে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের জন্য ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার জিতে তিনি এ রেকর্ড গড়েন। খবর বিবিসির।

অনুষ্ঠানের আগে ৩০টি পুরস্কার নিয়ে সুইফটের সঙ্গে সমতায় ছিলেন বিয়ন্সে। এবার শীর্ষ পুরস্কারটি জিতে ভিএমএতে তার মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানটি সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর অন্তর্ভুক্ত।

এদিকে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা জিতেছেন আর্টিস্ট অব দ্য ইয়ার, বেস্ট ডান্স ও বেস্ট কোলাবোরেশন পুরস্কার। ‘ব্রিং ইওর লাভ’ গানের জন্য সাবরিনা কার্পেন্টারের সঙ্গে যৌথভাবে বেস্ট কোলাবোরেশন পুরস্কার পান তিনি। গানটি ম্যাডোনার ২০২৬ সালের অ্যালবাম ‘কনফেশন্স টু’-এর প্রধান একক গান।

এবার প্রথমবারের মতো দেওয়া আর্টিস্ট ডিরেক্টর পুরস্কারও জিতেছেন সুইফট। ‘অপালাইট’ গানের জন্য ১৯৯০-এর দশকের ইনফোমার্শিয়ালের আদলে তৈরি ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন তিনি।

নতুন পুরস্কারটি ‘চূড়ান্ত শোগার্ল’ ডলি পার্টনকে উৎসর্গ করে সুইফট বলেন, ‘একটা সময় ডলি পার্টনের সঙ্গে এই পৃথিবী ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়ায় আমরা সবাই খুব ভাগ্যবান ছিলাম।’

৩৬ বছর বয়সী এই গায়িকা অনুষ্ঠানে তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওটিও প্রকাশ করেন। ভিডিওতে অভিনয় করেছেন কলিন ফারেল ও ডাকোটা জনসন। র‍্যাপার স্নুপ ডগের উপস্থাপনায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় এবারের ভিএমএ।

গথিক থ্রিলারধর্মী ভিডিওটি এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ের পর সুইফটের প্রথম মিউজিক ভিডিও। গানটি ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ অ্যালবামের চারটি নতুন গানের একটি। অ্যালবামটি গত সপ্তাহে প্রকাশিত হয়।

এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মূলত নারী শিল্পীদেরই সাফল্য দেখা গেছে। সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন ম্যাডোনা। ‘কনফেশন্স টু’ চলচ্চিত্রের জন্য তার দল বেস্ট সিনেমাটোগ্রাফি ও বেস্ট কোরিওগ্রাফি পুরস্কারও জিতে নেয়।

আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার পর ৬৮ বছর বয়সী ম্যাডোনা বলেন, ‘আপনাদের বেশিরভাগই সম্ভবত জন্মাননি, যখন ৪৩ বছর আগে আমি প্রথম ভিএমএতে পারফর্ম করেছিলাম।’

প্রথম দিকের ক্যারিয়ারের একটি ঘটনা স্মরণ করে তিনি জানান, একবার মঞ্চে পড়ে গিয়ে তার পেছনের অংশ অনিচ্ছাকৃতভাবে প্রকাশ্যে চলে এসেছিল। সেই ঘটনা তার উদীয়মান ক্যারিয়ার শেষ করে দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করে ম্যাডোনা বলেন, ‘গত দেড় বছর আমি নিজেকে খুঁজে পেয়েছি, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছি এবং নিজের পছন্দের সংগীতই তৈরি করেছি।’

২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে আলোচিত মঞ্চচুম্বনের পর এবারই প্রথম ভিএমএর মঞ্চে উদ্বোধনী পরিবেশনায় অংশ নেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে সরাসরি দ্বৈত পরিবেশনার পাশাপাশি সাম্প্রতিক ‘ড্যান্সেটেরিয়া (আফটারআওয়ার্স)’ রিমিক্সে থাকা ব্রিটিশ শিল্পী চার্লি এক্সসিএক্সও এতে অংশ নেন।

বেস্ট কোলাবোরেশন পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা জানান, সাবরিনার দলের পক্ষ থেকে শুরুতে তাকে অপেক্ষায় রাখা হয়েছিল। তিনি বলেন, পাঁচ দিন অপেক্ষা করেও সাবরিনার সঙ্গে যোগাযোগ না হওয়ায় সরাসরি তাকে বার্তা পাঠান। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই তারা স্টুডিওতে একসঙ্গে গানটি রেকর্ড করেন।

সাবরিনা অবশ্য বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘আমার দল উত্তর দেয়। সবাই যেন জানে, তারা মানুষকে উত্তর দেয়। তবে আমি আরও দ্রুত উত্তর দিই। তাই আমার সঙ্গে যোগাযোগের সরাসরি পথই সবচেয়ে ভালো।’

অনুষ্ঠানের আগে টেলর সুইফট, চার্লি এক্সসিএক্স ও ব্ল্যাকপিঙ্কের লিসাসহ অনেক তারকা নীল কার্পেটে উপস্থিত হন।

কে-পপ দল ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা তার ‘ড্রিম’ গানের জন্য বেস্ট পপ পুরস্কার জিতে প্রথম এশীয় একক শিল্পী হিসেবে এ বিভাগে পুরস্কার পাওয়ার নজির গড়েছেন। গানটির মিউজিক ভিডিওতে জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচি অভিনয় করেছেন।

থাই র‍্যাপার ও গায়িকা লিসা বেস্ট পপ বিভাগে টেলর সুইফট, আরিয়ানা গ্রান্ডে ও অলিভিয়া রদ্রিগোর মতো তারকাদের পেছনে ফেলেন। পুরস্কার নেওয়ার সময় আবেগাপ্লুত লিসা তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ছাড়া আমি এখানে থাকতে পারতাম না।’

অনুষ্ঠানে ব্রিটিশ শিল্পী রায় ও সিয়েনা স্পিরোও পরিবেশনা করেন। সিয়েনা স্পিরো জিতেছেন বেস্ট নিউ আর্টিস্ট পুরস্কার। প্রয়াত ডলি পার্টন ও জর্জ মাইকেলের প্রতিও শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে।

আরেক ব্রিটিশ শিল্পী পিংকপ্যানথারেস সুইডেনের জারা লারসনের সঙ্গে ‘স্টেটসাইড’ গানের জন্য বেস্ট আর্ট ডিরেকশন পুরস্কার জিতেছেন।

বিটিএস জিতেছে বেস্ট গ্রুপ ও ‘সুইম’ গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কার। অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’ জিতেছে বেস্ট অলটারনেটিভ। আর ভিজ্যুয়াল মিউজিকের বিশেষ অবদানের জন্য ‘ভিডিও ভ্যানগার্ড’ পুরস্কারে সম্মানিত হয়েছে নির্বানা।

সূত্র : বিবিসি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন