যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের সমুদ্রপথে অপরিশোধিত তেল রপ্তানি শূন্যে নেমে এসেছে। জ্বালানিবিষয়ক বিশ্লেষণ প্রতিষ্ঠান ভরটেক্সার তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রপ্তানি বন্ধ হয়ে যায় এবং ৫ অক্টোবর পর্যন্ত তা শূন্য ছিল।
ভরটেক্সা জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে ইরান প্রতিদিন গড়ে ২ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করছিল। অন্যদিকে ইরান ছাড়া উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ যুদ্ধের আগের পর্যায়ের ৮১ শতাংশের বেশি পুনরুদ্ধার হয়েছে। সৌদি আরবের রপ্তানি বৃদ্ধি এর অন্যতম কারণ।
প্রতিষ্ঠানটির হিসাবে, ইরানের প্রায় ৮ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এখনো ট্যাংকারে রয়েছে। এর মধ্যে ৪ কোটি ৩০ লাখ ব্যারেল হরমুজ প্রণালির পশ্চিমে আটকে আছে।
ভরটেক্সার সামুদ্রিক ঝুঁকিবিষয়ক পরিচালক ক্লেয়ার জংম্যান বলেন, অবরোধের ফলে ইরানের তেল উপসাগর থেকে বের হওয়া কার্যত বন্ধ হয়ে গেছে। তার মতে, বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞাও এমন প্রভাব ফেলতে পারেনি।
এদিকে সেপ্টেম্বরে ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি আগের মাসের তুলনায় ৪৮ শতাংশ কমেছে। ভরটেক্সার তথ্য অনুযায়ী, অন্তত ২০২৩ সালের জানুয়ারির পর এটি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
সূত্র: শাফাক নিউজ








মন্তব্য