রহস্যে ঘেরা নতুন বউ! জাদুকরী চরিত্রে ইয়ামি গৌতম

রহস্যে ঘেরা নতুন বউ! জাদুকরী চরিত্রে ইয়ামি গৌতম

হরর-কমেডি ঘরানার সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় নতুন বউয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ট্রেলারে তার চরিত্রটি ঘিরে যেমন রহস্য দানা বেঁধেছে, তেমনই পরিবারের এক সদস্য তাকে জাদুকরী বলেও দাবি…

হরর-কমেডি ঘরানার সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় নতুন বউয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ট্রেলারে তার চরিত্রটি ঘিরে যেমন রহস্য দানা বেঁধেছে, তেমনই পরিবারের এক সদস্য তাকে জাদুকরী বলেও দাবি করেছেন।

বালাজি মোহন পরিচালিত এই সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সময়ে রজনীকান্তের ‘জেলার ২’ এবং রাজকুমার রাওয়ের ‘প্রহার’ মুক্তি পাওয়ায় বক্স অফিসে বেশ বড় প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে সিনেমাটিকে। এ ছাড়া একই সপ্তাহে বিজয় দেবরাকোন্ডার ‘রণবালি’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ৩ মিনিট ২ সেকেন্ডের ‘নয়ি নাভেলি’র ট্রেলারে উত্তরপ্রদেশের মিরাটের একটি মধ্যবিত্ত পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারের নতুন বউ হিসেবে বাড়িতে পা রাখেন ইয়ামি। তার চালচলনে পরিবারের বাকিরা মুগ্ধ হলেও বন্টু নামের এক সদস্যের সন্দেহ বাড়তে থাকে। সে দাবি করতে থাকে যে তার ভাইয়ের স্ত্রী আসলে একজন জাদুকরী।

নতুন বউকে জাদুকরী প্রমাণ করতে বন্টু নানা ফন্দিফিকির চালাতে থাকে। তবে ট্রেলারে দেখা যায়, ইয়ামি নিজেই পরিবারের সামনে নিজের আসল পরিচয় তুলে ধরছেন। এর পরও রহস্যের জাল পুরোপুরি কাটে না, কারণ ট্রেলারে তার চরিত্রের একাধিক রূপের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত তিনি আসলে কে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ধোঁয়াশা বজায় থাকে। পুরো গল্পে দশেরার সঙ্গেও একটি যোগসূত্র রয়েছে বলে ট্রেলারে ইঙ্গিত মিলেছে।

ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, দেবী ও সজ্জন, মনে আছে তো কী বলেছিলাম? THINK BIG। ‘নয়ি নাভেলি’র ট্রেলার প্রকাশিত হলো। প্রেক্ষাগৃহে ১৬ অক্টোবর।

অ্যামাজন এমজিএম স্টুডিওস ও আনন্দ এল রাইয়ের যৌথ উপস্থাপনায় সিনেমাটি পরিচালনা করেছেন বালাজি মোহন। এর গল্প লিখেছেন হিমাংশু শর্মা এবং চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন দিব্য নিধি শর্মা। ছবির সংগীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ। ইয়ামি গৌতমের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সুনীতা রাজওয়ার, সুনীল সিনহা, সুষ্মিতা মুখার্জি, মিতা বশিষ্ঠ, আদীনাথ কোঠারে ও সোনাল ঝা। নির্মাতাদের মতে, ‘তুম্বাড’ সিনেমার রহস্যের আবহেই এই গল্পটি সাজানো হয়েছে।

এদিকে হিন্দি সিনেমার পাশাপাশি একই দিনে একাধিক বাংলা ছবিও প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এই তালিকায় রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, ‘ডেসু৭’ এবং ‘দ্য একেন: কেরালা এ কুরুক্ষেত্র’।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন