ভারতের ফিল্ডিং ও ডেথ বোলিং নিয়ে চিন্তিত অধিনায়ক গিল

ভারতের ফিল্ডিং ও ডেথ বোলিং নিয়ে চিন্তিত অধিনায়ক গিল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলেও দলের বেশ কয়েকটি জায়গায় ভারতের এখনো উন্নতি দরকার বলে মন্তব্য করেছেন অধিনায়ক শুভমান গিল। বিশেষ করে দলের ক্যাচ মিসের মহড়া এবং ডেথ ওভারের বোলিং নিয়ে নিজের উদ্বেগের কথা স্পষ্ট করেছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ম্যাচ-পরবর্তী…

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলেও দলের বেশ কয়েকটি জায়গায় ভারতের এখনো উন্নতি দরকার বলে মন্তব্য করেছেন অধিনায়ক শুভমান গিল। বিশেষ করে দলের ক্যাচ মিসের মহড়া এবং ডেথ ওভারের বোলিং নিয়ে নিজের উদ্বেগের কথা স্পষ্ট করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিল বলেন, আমার মনে হয় বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ের সময় আমরা আক্রমণ করব নাকি রক্ষণাত্মক থাকব, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষের ৫ থেকে ৬ উইকেট পড়ে গেলে কী ধরনের ফিল্ডিং সেট করা উচিত, বা আমরা কি খুব আগেই ডেথ বোলিং শুরু করছি নাকি মিডল ওভারের মতো বল করে যাচ্ছি, তা নিয়ে দ্বিধা থেকে যায়। এসব জায়গায় নিশ্চিতভাবেই আমাদের আরও উন্নতি করতে হবে।

জাসপ্রিত বুমরাহ (এশিয়ান গেমসে ব্যস্ততা) ও হার্দিক পান্ডিয়ার (ইনজুরি) অনুপস্থিতিতে এই সিরিজে তরুণের বাজিয়ে দেখার সুযোগ পায় ভারত। ২০২৭ বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ না থাকায় কোচ গৌতম গম্ভীর কেবল ম্যাচ জেতা নয়, বরং বিকল্প খেলোয়াড় খোঁজার ওপর জোর দিয়েছেন।

তিন ম্যাচের সিরিজে মাত্র একটিতে খেলেছেন মোহাম্মদ সিরাজ, সেখানেও তিনি ডেথ ওভারে বল করেননি। নিউ চণ্ডীগড়ে শেষ ১০ ওভারে দায়িত্ব সামলান অভিষেক হওয়া অংশুল কম্বোজ, গুরনুর ব্রার এবং অফস্পিনার নমন ধীর। বোলারদের জন্য কঠিন কন্ডিশন হলেও এই অভিজ্ঞতা ব্যাক-আপ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে।

সিরিজ জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ফিল্ডিং নিয়ে অসন্তোষ লুকাননি গিল। তিনি বলেন, পুরো সিরিজে আমরা ৬ থেকে ৭টি ক্যাচ ফেলেছি, যা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভালো লক্ষণ নয়। ফিল্ডিং হতে হবে বিশ্বমানের।

সিরিজের শেষ ম্যাচে ৩৫১ রান তুলেও স্লো ওভার রেটের কারণে ফিল্ডিং পেনাল্টি খেতে হয় ভারতকে। ৪৬ ওভারের পর বাউন্ডারিতে ৫ জনের বদলে ৪ জন ফিল্ডার রাখতে বাধ্য হয় দলটি, যার পূর্ণ সুযোগ নেয় প্রতিপক্ষ। এ নিয়ে গিল বলেন, ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তারা ম্যাচটি আমাদের হাত থেকে ছিনিয়ে নেয়। পেনাল্টি না খেলে খেলাটি শেষ ওভার পর্যন্ত গড়াত।

সিরিজে একটি অপরাজিত ডাবল সেঞ্চুরিসহ ৩৩৪ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন গিল। তবে শেষ ম্যাচে শুরুতেই সাজঘরে ফেরায় কিছুটা হতাশ তিনি। জয়ডেন সিলসের বলে শাই হোপের ক্যাচে আউট হওয়া প্রসঙ্গে গিল বলেন, দ্রুত আউট হলে সবসময়ই খারাপ লাগে, তবে সততার সাথে বলতে গেলে ওই বলটিতে আমার তেমন কিছু করার ছিল না।

সূত্র: ক্রিকইনফো।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন