যুক্তরাজ্য থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটিটিতে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্তের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। রোববার পেন্টাগনের এক মুখপাত্র জানান, ঘাঁটিতে মোতায়েন থাকা ১২টি…

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটিটিতে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্তের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

রোববার পেন্টাগনের এক মুখপাত্র জানান, ঘাঁটিতে মোতায়েন থাকা ১২টি বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে নিজেদের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব বিমান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই বিশ্বের যেকোনো স্থানে সামরিক অভিযান চালাতে সক্ষম।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর ফেয়ারফোর্ড ঘাঁটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানতে পারেন যে ঘাঁটিতে একটি বোমারু বিমান ধ্বংস এবং সেখানে থাকা মার্কিন সামরিক সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি শাখা এই পরিকল্পনার জন্য ব্রিটিশ নাগরিকদের নিয়োগ করেছিল। তবে এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

গত ২৭ সেপ্টেম্বর ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে আটক করে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ। প্রথমে তাদের বিস্ফোরক-সংক্রান্ত আইনে এবং পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক করা হয়। তাদের গাড়ি থেকে পেট্রল উদ্ধার করা হলেও কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি। পরে পাঁচজনকেই জামিনে ছেড়ে দেওয়া হয়।

এরপর ১ অক্টোবর লন্ডনে এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাকেও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক করা হয়েছিল। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দাবি, এই ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তবে ইরান অভিযোগ অস্বীকার করেছে এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন