‘রাশিয়া আমাদের শত্রু নয়’: প্যারিসে শত শত মানুষের বিক্ষোভ

‘রাশিয়া আমাদের শত্রু নয়’: প্যারিসে শত শত মানুষের বিক্ষোভ

ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো থেকে ফ্রান্সের বেরিয়ে যাওয়ার দাবিতে প্যারিসে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার দেশজুড়ে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্ব দেন ফ্রান্সের সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ফ্লোরিয়ান ফিলিপো। তিনি ২০২৭ সালের…

ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো থেকে ফ্রান্সের বেরিয়ে যাওয়ার দাবিতে প্যারিসে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার দেশজুড়ে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্ব দেন ফ্রান্সের সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ফ্লোরিয়ান ফিলিপো। তিনি ২০২৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তাদের হাতে ফ্রান্সের পতাকার পাশাপাশি ‘রাশিয়া আমাদের শত্রু নয়’ লেখা ব্যানারও দেখা যায়। ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের জড়ানো উচিত নয় বলেও দাবি করেন তারা।

ফিলিপোর নেতৃত্বাধীন ডানপন্থি দল ‘লে পাত্রিওত’ প্যারিস ছাড়াও অবিয়ের, আনেসি, গ্রেনোবল, পেরিগু ও শমো শহরে বিক্ষোভের আয়োজন করে। এসব কর্মসূচিতে জ্বালানির উচ্চমূল্য, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তির দাবিও তুলে ধরা হয়।

সমাবেশে ফিলিপো বলেন, ফ্রান্সের ন্যাটো থেকে বেরিয়ে আসা উচিত। ইউক্রেনের যুদ্ধের পেছনে অর্থ ব্যয় এবং দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। তার মতে, এসব খাতে অর্থ ব্যয়ের পরিবর্তে পেট্রোলের ওপর কর কমানোর মতো উদ্যোগে অর্থ ব্যয় করা উচিত। কারণ, জ্বালানির দাম নিয়ে মানুষ আর চাপ নিতে পারছে না।

ফিলিপোর এক সমর্থক বলেন, যুদ্ধের প্রচেষ্টা থেকে তেমন ফল পাওয়া যাচ্ছে না। বরং হাসপাতাল, শিক্ষা এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন খাতে ব্যয় বাড়ানো উচিত।

বিক্ষোভের একপর্যায়ে ফিলিপো ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পতাকা ফ্রান্সের পতাকা নয় এবং কখনোই হবে না। তার ভাষায়, এই ‘ভয়াবহ পরিস্থিতি’ থেকে বেরিয়ে আসতে ফ্রান্সের ইইউ ত্যাগ করা প্রয়োজন। এই দাবিকে ‘ফ্রেক্সিট’ বলা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সে একের পর এক বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি মজুরি, সরকারি ব্যয়, কর্মপরিবেশ এবং সরকারের বাজেট পরিকল্পনার প্রতিবাদে শ্রমিকরাও কর্মসূচি পালন করছেন।

এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্স সরকার ২০২৭ সালের প্রস্তাবিত বাজেট প্রকাশ করেছে। বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে নামিয়ে আনতে ৫৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকারি সেবা, পেনশন ও সামাজিক সুবিধার ব্যয় কমানো এবং কিছু খাতে ব্যয় স্থগিত রাখার প্রস্তাব রয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন চলতি সপ্তাহে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার পরিকল্পনায় অটল থাকার কথা জানিয়েছে। ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেন সরকারের বাজেট ও সামরিক ব্যয়ের প্রয়োজন মেটাতে এই ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আরটি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন