জ্যাকুলিনকে আবারও ভারতে কাজের অনুমতি দিলেন আদালত

জ্যাকুলিনকে আবারও ভারতে কাজের অনুমতি দিলেন আদালত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য স্বস্তির খবর। ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলার মধ্যে ভারতে কাজের ভিসা নবায়নের আবেদনে আদালতের অনুমতি পেয়েছেন তিনি। ৬ অক্টোবরের এক আদেশে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিং তাকে ভিসার জন্য প্রয়োজনীয় অনাপত্তি সনদ বা…

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য স্বস্তির খবর। ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলার মধ্যে ভারতে কাজের ভিসা নবায়নের আবেদনে আদালতের অনুমতি পেয়েছেন তিনি। ৬ অক্টোবরের এক আদেশে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিং তাকে ভিসার জন্য প্রয়োজনীয় অনাপত্তি সনদ বা এনওসি মঞ্জুর করেন।

শ্রীলঙ্কার নাগরিক জ্যাকুলিনের বিরুদ্ধে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার মামলা রয়েছে। তবে ভিসা নবায়নের অনুমতি পাওয়ার অর্থ এই নয় যে, মামলাটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো চলমান।

আদালতের আদেশ অনুযায়ী, জ্যাকুলিন বিনোদনজগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং ভারতে তার একাধিক পেশাগত কর্মসূচি রয়েছে। মামলার বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্যও তার ভারতে উপস্থিত থাকা প্রয়োজন।

আদালতে তার পক্ষের আইনজীবী জানান, আদালতের এনওসি ছাড়া ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কাজের ভিসা নবায়ন করছে না। বিষয়টি বিবেচনা করে আদালত আইন অনুযায়ী ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় এনওসি মঞ্জুর করেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জ্যাকুলিন ২০০৯ সাল থেকে মেয়াদোত্তীর্ণ কর্মসংস্থান ভিসায় ভারতে বসবাস করছিলেন। এর আগে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার দূতাবাস থেকে পুনরায় পাসপোর্ট ইস্যুর শর্তে তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছিল।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগের তদন্তে জ্যাকুলিনের নাম উঠে আসে। ২০২১ সালের ৯ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। ২০২২ সালের ১৭ আগস্ট ইডি তাকে এই মামলায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করে।

মামলার জেরে জ্যাকুলিনের পেশাগত জীবনও আলোচনায় আসে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নাগার্জুনার ছবি ‘দ্য ঘোস্ট’ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে মামলার বিভিন্ন অগ্রগতির কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী।

ভিসার জন্য এনওসি পাওয়ায় আপাতত কাজের ক্ষেত্রে স্বস্তি পেলেও অর্থ পাচার মামলার আইনি প্রক্রিয়া থেকে এখনো মুক্তি পাননি জ্যাকুলিন ফার্নান্দেজ।

সূত্র: নিউজ১৮

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন