সাভারে শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত শ্রমিকের মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জুনিয়র অপারেটর মো. সেলিম
ঢাকা জেলা প্রতিনিধি · সাভার, ঢাকা
প্রকাশ:
ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সূত্রপাত ৪ নভেম্বর, যখন ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ চলছিল। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডসহ আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সেলিমের মাথায় এক ব্যক্তি রডজাতীয় কিছু দিয়ে আঘাত করেন। হামলায় মো. রাকিব (২৪) ও লিমন (২৫) নামে আরও দুই শ্রমিক আহত হন।
পরিবার ও কারখানা সূত্রে জানা যায়, গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সবশেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা মোহাম্মদ রহিম জানান, ‘সেদিন (৪ নভেম্বর) যখন ছুটি দিছে ১০-১২ জন পোলাপান আইসা ওগোরে হামলা করছে। তিন জন আহত হইছে, আমার ছেলেটা একটু বেশি। লোহার কিছু একটা দিয়া মারছে। এর পর অজ্ঞান হইয়া যায়। ঢাকা মেডিকেলে রাইতে মারা গেছে। ছেলেটার লাশ এখন গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়া যাইবো।’
বিজ্ঞাপন
ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা জানান, আঘাত পাওয়ার পর থেকে সেলিম অচেতন ছিলেন। তাঁকে বাঁচানোর জন্য কারখানার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। হামলায় আহত অন্য দুই শ্রমিক বর্তমানে সুস্থ আছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, হামলার ঘটনায় ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।