বনশ্রীতে শিশুকে হত্যার অভিযোগে মা আটক
পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেহেরুন নেসা। রামপুরা থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন আরও জানান, ওই বাসায় স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান থাকতেন এবং তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় শিশুটির বাবা ইমন বাসায় ছিলেন না, তিনি একটি দোকানে কাজ করেন। এ ঘটনার আগেও মেহেরুন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানায়।