ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপির সমালোচনা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সরকার শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করছে। তিনি বলেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিকে ‘ঋণগ্রস্ত’ হিসেবে অভিহিত করছে। মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, দুর্নীতি ও জ্বালানি পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না’—এই সত্যটি সরকার ও বিরোধী দল উভয়ই বিশ্বাস করে। কিন্তু তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি নিজেই ব্যবসার প্রতিবন্ধকতা তৈরি করে, তবে শিল্প বাঁচানো কঠিন হবে। তিনি জানান, গত তিন বছরে মূল্যস্ফীতি সম্মিলিতভাবে ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা হলেও, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা। উচ্চ খাদ্যমূল্য ও গ্যাসের সংকট শ্রমিকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রতি ইঙ্গিত করে হাসনাত বলেন, তিনি ক্ষমতায় গেলে মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ডের বৈঠক নিয়মিত না হওয়ায় প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, সরকার পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে পারছে না।
পোশাকশিল্পের মালিকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে হাসনাত বলেন, কাঁচামাল আমদানি থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একাধিক সরকারি দপ্তরের অনুমতি নিতে হয়। প্রতিটি ক্ষেত্রেই মালিকদের কথিত ‘উপহার’ দিতে হয়। জর্জ অরওয়েলের উপন্যাসের প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এটা তো ঘুষ বলা যাবে না, এটাকে উপহার বলতে হবে। ঠিক একইভাবে এই সরকার জর্জ অরওয়েলের ফর্মুলাটা ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছে। এই সরকার যেটা করেছে—ওনারা ঋণখেলাপি বলেন না, ওনারা বলেন “ঋণগ্রস্ত”। ওনারা চাঁদাবাজি বলেন না, ওনারা বলেন, “সমঝোতা”। আবার ওনারা ঘুষ বলেন না, ওনারা বলেন কী? “উপহার”। এই উপহারের অত্যাচারে আজকের যারা গার্মেন্টস মালিকেরা রয়েছেন, তাঁরা এই উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন, মাননীয় স্পিকার।’
সংসদ সদস্য অভিযোগ করেন, কারখানা পরিদর্শনের নামে হয়রানি করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করার নামে প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে ‘প্রোটেকশন মানি’ দিতে হয়। এ ছাড়া সরকারি অনুষ্ঠানের নামে ইউএনও কার্যালয় ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়, তাকে তিনি ‘সরকারি চাঁদা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সরকার ব্যবসা সহজ করার পরিবর্তে প্রতিবন্ধকতা বাড়াচ্ছে এবং এ ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা রয়েছে।
বিজ্ঞাপন
গ্যাস-সংকট প্রসঙ্গে তিনি বলেন, সংকটকে পুঁজি করে দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে। তৃতীয় এলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল স্থাপনের জন্য ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রী এ প্রকল্পের সঙ্গে একজন সংসদ সদস্যের নাতির প্রস্তাবের মিলের বিষয়ে কোনো জবাব দেননি।
রাজনৈতিক অস্থিতিশীলতা প্রসঙ্গে হাসনাত দাবি করেন, পোশাকশিল্পের আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, ভারতের ভূমি ব্যবহার করে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাসের ঘটনা অব্যাহত থাকলে পোশাকশিল্প টিকবে না বলে তিনি সতর্ক করেন।
এনসিপির এই নেতা জানান, বাংলাদেশের পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, মালিকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ ও স্থিতিশীলতা প্রয়োজন। বর্তমানে অর্ডার ভারতে স্থানান্তরিত হতে শুরু করেছে বলে দাবি করে তিনি বলেন, এ পরিস্থিতি চললে কর্মসংস্থানের সংকট আরও বাড়বে। সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের মজুরি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে হবে এবং ব্যবসায়ীদের ওপর থেকে চাঁদা ও হয়রানির চাপ কমাতে হবে। তিনি আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।