খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ
খোলা বোতলে অকটেন বিক্রি না করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় অবস্থিত মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি না হওয়ায় পাম্পের কর্মচারীদের মারধর করা হয় এবং দুই কর্মীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া জানান, দুপুরে দুজন ব্যক্তি বোতলে অকটেন নিতে চাইলে কর্মচারীরা অস্বীকৃতি জানান। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা নিজেদের শেকৃবি শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে হুমকি দেন। এর আধা ঘণ্টা পর ৩০ থেকে ৪০ জনের একটি দল মোটরসাইকেলে এসে পাম্পের তেল সরবরাহ যন্ত্র, ক্যাশ কাউন্টার ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় সিসি ক্যামেরার ডিভিআর খুলে নেওয়ার পাশাপাশি ক্যাশ কাউন্টার থেকে ল্যাপটপ ও বিক্রির টাকা লুট করার অভিযোগ করেন তিনি।
ব্যবস্থাপক সুজন মিয়ার ভাষ্যমতে, সরকারি নিষেধাজ্ঞা থাকায় খোলা বোতলে তেল দেওয়া হয়নি। এই ঘটনায় রাসেল নামের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মো. মিঠু ও মুসা নামের দুজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী কর্মচারীদের তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে মারধর করা হয়, যার মধ্যে রায়হানুল ইসলাম নামের একজন হাসপাতালে ভর্তি আছেন। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুই কর্মচারীকে ক্যাম্পাসে নিয়ে আসেন এবং পরিস্থিতি শান্ত রেখে সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হামলাকারীদের সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হওয়ার বিষয়টি তারা শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।