ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি ও পুলিশের গাড়িতে হামলা
ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।
ফেনী জেলা প্রতিনিধি · ফেনী
প্রকাশ:
ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের হাত থেকে যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক স্ত্রীসহ ফেনী শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে স্থানীয়রা তাঁর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়তে থাকে। এতে পুলিশের একটি গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২) আহত হন। তাঁরা মঙ্গলবার রাতেই ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল জানান, উদ্ধার অভিযানের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় গাড়িতে থাকা নারী কনস্টেবল ও গাড়িচালক আহত হয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত ওই যুবক ও তাঁর স্ত্রীকে থানায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, 'ওই যুবক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।'