কলেজছাত্রের কমলা ও মাল্টা বাগান থেকে প্রথম দিনে ২৫ হাজার টাকা আয়
দুই বিঘা জমিতে গড়ে তোলা এই বাগানে বিষমুক্ত ফল কিনতে ভিড় করছেন দূরদূরান্তের মানুষ
যশোর জেলা প্রতিনিধি · যশোর
প্রকাশ:
হেমন্তের শেষ বিকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় যশোর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মনিরামপুর উপজেলার জামজামি গ্রামে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলে আছে রঙিন কমলা ও মাল্টা। বাগান দেখতে এবং গাছ থেকে নিজের হাতে ফল ছিঁড়ে স্বাদ নিতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। বাগানের প্রবেশমুখে সারি বেঁধে দাঁড়িয়ে আছে প্রায় ২০টি মোটরসাইকেল, দু-একটি প্রাইভেট কার ও বেশ কিছু ইজিবাইক।
বিজ্ঞাপন
বাগানে ঘুরতে আসা যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, ‘বাগানে নিজ হাতে ফল তুলে খেয়েছি, পরিবারের জন্যও কিনেছি। দারুণ পরিবেশ, ফলগুলো মিষ্টি।’ বাগানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান (৬৯) ও তাঁর ছেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান (২৫)। মাত্র ৭০ হাজার টাকা বিনিয়োগ করে দুই বিঘা জমিতে তাঁরা গড়ে তুলেছেন এই বাগান।
গত বৃহস্পতিবার থেকে এই বাগানে চলতি মৌসুমের ফল বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ২৫ হাজার টাকার ফল বিক্রি হয়েছে বলে জানান উদ্যোক্তারা। খুচরা প্রতি কেজি কমলা ২২০ টাকা এবং মাল্টা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুশফিকুরের বাবা আতিয়ার রহমান জানান, বাগান থেকেই সব ফল বিক্রি হয়ে যায়, পাইকারি বিক্রির জন্য হাটে নিতে হয় না।
করোনার সময় ইউটিউবে বিদেশি ফলের চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে বাবা-ছেলে চায়না কমলা ও মাল্টা চাষের সিদ্ধান্ত নেন। চুয়াডাঙ্গার একটি বাগান থেকে ২৫০টি চারা কিনে ২০২২ সালের মাঝামাঝি সময়ে তাঁরা দুই বিঘা জমিতে রোপণ করেন। মুশফিকুর জানান, চারা কিনতে ৫০ হাজার টাকা এবং জমি প্রস্তুত ও পরিচর্যায় আরও ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৭০ হাজার টাকা খরচ হয়েছিল। বর্তমানে প্রতিবছর পরিচর্যায় কিছু টাকা ব্যয় হয়।
২০২৩ সালের শেষ দিকে গাছে প্রথম ফল আসলেও তখন তা বিক্রি না করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দিয়েছিলেন তাঁরা। এরপর ২০২৪ সালে দেড় লাখ টাকার বেশি এবং ২০২৫ সালে প্রায় তিন লাখ টাকার ফল বিক্রি হয়েছে। মুশফিকুরের আশা, এবার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফল বিক্রি হবে এবং খরচ বাদে চার লাখ টাকার মতো লাভ থাকবে। সাধারণত ডিসেম্বরে ফল তোলার উপযোগী হলেও এবার আবহাওয়ার প্রভাবে এক মাস আগেই ফল পাকতে শুরু করেছে।
বিজ্ঞাপন
মুশফিকুর রহমান বলেন, ‘লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।’ ফল তোলার তিন মাস আগে থেকে তাঁরা কীটনাশক ব্যবহার বন্ধ রেখে ফেরোমন ফাঁদ ব্যবহার করেন।
বাগানে বাবা-ছেলেসহ মোট পাঁচজন কাজ করেন এবং তিনজন শ্রমিক দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি পান। ফল চাষের পদ্ধতি সম্পর্কে মুশফিকুর জানান, নিচু জমিতে এসব ফল চাষ করা যায় না এবং অতিবৃষ্টিতে ফল পচে যায়। মার্চে ফুল আসার পর এপ্রিলে ফল ধরে এবং ডিসেম্বরের শুরুতে পাকতে শুরু করে। ফলের পাশাপাশি তাঁরা সারা বছর চারাও বিক্রি করেন, যার দাম ১৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।
কৃষি বিপণন অধিদপ্তর যশোর জেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কিশোর কুমার সাহা বলেন, যশোর ও আশপাশের জেলায় এখন কমলা, মাল্টা, আঙুর ও ড্রাগনসহ অনেক বিদেশি ফলের চাষ হচ্ছে। এতে ফল আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য উদ্যোক্তাদের বাজারজাতকরণ, হিসাব ও উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।