যশোরে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল বন্ধুসভা
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী
যশোর জেলা প্রতিনিধি · যশোর
প্রকাশ:
যশোরে ২০ নভেম্বর বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে যশোর বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য খন্দকার রুবাইয়া এবং স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রথম আলোর চোখে আমরা বাংলাদেশ দেখি। এই পত্রিকার কলাম পড়লে দেশের গতিবিধি বোঝা যায়।’
শুভেচ্ছা বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, নড়াইল জেলার স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন, ব্যাংক কর্মকর্তা শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সায়েরা বানু ও পত্রিকা পরিবেশক প্রতিনিধি তাসনিয়া বুশরা। এছাড়া বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেনও এতে অংশ নেন।
সাংস্কৃতিক পর্বে শিল্পী মো. হাফিজুর ও বাদক মাহির হোসেন সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন সামিয়া মাহমুদা ও অর্পা। এছাড়া ধীমান আল হামী ও মনিরা খাতুন কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৭ নভেম্বর আয়োজিত বন্ধুসভার ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ফারিয়া মাহমুদা, খন্দকার রুবাইয়া, মো. নাহিদ হাসান, নাহিদ হাসান জয়, জাহানারা জ্যোতি, সামিরা ইয়াসমিন, রাইয়াদ ফেরদৌস, নুরুন্নবী হৃদয়, ফয়সাল মাহমুদ, ইকলিমা ইয়াসমিন, সামিয়া রহমান ও সাদিয়া সাইয়ারা।
বিজ্ঞাপন
সমাপনী বক্তব্যে বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস সংগঠনের দীর্ঘ ২৮ বছরের পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে ভালোর সঙ্গে আলোর পথে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।