ট্রাম্পের ফোন গুগল সিইওকে দিল, ম্যাপে আটলান্টিকের নাম নিজের নামে বদলাতে
আটলান্টিক মহাসাগরের নাম বদলে নিজের বা আমেরিকার নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আটলান্টিক মহাসাগরের নাম বদলে নিজের বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। ট্রাম্প উল্লেখ করেন, এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল...উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি।’
এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অব আমেরিকা এবং লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এমনকি এ লক্ষ্যে তিনি মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছিলেন। তবে ট্রাম্পের ভাষ্যমতে, তাঁর এই সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন পিচাই।
গুগল সিইওর উত্তরটি ট্রাম্প এভাবে বর্ণনা করেন, ‘তিনি বলেছেন, না, না, না। এবার আমি এটা করছি না...স্যার, মহাসাগরের বিষয়টা আলাদা। এগুলো...অনেকগুলো দেশজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এটা করতে বলবেন না।’ ট্রাম্প আরও যুক্ত করেন, ‘তাই আমি সম্ভবত এই প্রস্তাব থেকে সরে আসব। আমার কি সরে আসা উচিত? আমার মনে হয়, এর নাম আটলান্টিক মহাসাগরই থাক।’
এর আগে নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের দাবি মেনে নিয়েছিল গুগল। এর ফলে মেক্সিকো ও কানাডাসহ সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। বর্তমানে গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য জায়গাগুলোকে গালফ অব আমেরিকা এবং লেক আমেরিকা হিসেবে দেখানো হয়, তবে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা মূল নামগুলোই দেখতে পান।