নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০
বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
নাটোর জেলা প্রতিনিধি · বড়াইগ্রাম, নাটোর
প্রকাশ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্যমতে, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, "মোট ১০ জন নিহত হয়েছেন এবং অহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী মেয়ে শিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।" তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।