বইয়ের তাক সাজাতে বিশেষজ্ঞ নিয়োগ করছেন বিশ্বের অতি ধনীরা
ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে বিলাসবহুল প্রমোদতরি ও অবকাশকেন্দ্রে বই সংগ্রহের পেশাদার সেবা নিচ্ছেন তাঁরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিরল সংস্করণের বই ও লাখ ডলারের ব্যক্তিগত সংগ্রহ দিয়ে বইয়ের তাক সাজানো এখন বিশ্বের অতি ধনীদের কাছে আভিজাত্যের নতুন প্রতীক। নিজেদের বাড়ি, অবকাশযাপনকেন্দ্র কিংবা বিলাসবহুল প্রমোদতরিতে ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য তাঁরা এখন রীতিমতো বিশেষজ্ঞ নিয়োগ করছেন। এই বিশেষজ্ঞদের কাজ কেবল বই সংগ্রহ করা নয়, বরং বাড়ির মালিকের ব্যক্তিত্ব, রুচি, আগ্রহ ও জীবনযাপনের সঙ্গে মিল রেখে একটি পরিপূর্ণ পাঠাগার সাজিয়ে দেওয়া।
বিজ্ঞাপন
ব্রিটিশ বই ব্যবসায়ী ব্ল্যাকওয়েল পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য ফিলিপ ব্ল্যাকওয়েল ‘আলটিমেট লাইব্রেরি’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ধনী গ্রাহকদের বাড়ি, প্রমোদতরি ও অবকাশযাপনকেন্দ্রের জন্য বই সংগ্রহ ও পাঠাগার সাজানোর কাজ করে থাকে। সম্প্রতি মাত্র তিন সপ্তাহের মধ্যে এক গ্রাহকের জন্য এক হাজার বই সংগ্রহের দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে একসঙ্গে ১০ হাজার বইয়ের সংগ্রহ সাজানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
ফিলিপ ব্ল্যাকওয়েল বলেন, “বই একটি বাড়িকে সত্যিকারের ঘরে পরিণত করে।” তাঁর ভাষ্যমতে, ধনী গ্রাহকেরা সাধারণত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ শেষ করতে চান। বিশেষ করে তাঁদের প্রধান বাসস্থান নয়—এমন বাড়িগুলোকে আপন করে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এমন আরও কয়েকটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে, যারা পাঠাগার সাজানোর পেশাদার কাজ করছে। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংভিত্তিক ফক্সটেইল বুকস অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ক্রিস্টি স্মিরল জানান, গ্রাহকদের চাহিদা একেক রকম হয়। কেউ প্রথম সংস্করণের বই চান, আবার কেউ নির্দিষ্ট বিষয়ে প্রভাবশালী বই সংগ্রহে আগ্রহী। কোনো কোনো ক্ষেত্রে একটি বইয়ের দাম ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। কেউ কেউ আবার নির্দিষ্ট রঙের মলাট, নির্দিষ্ট শহরকেন্দ্রিক লেখা কিংবা শুধু হার্ডকভার বই দিয়ে তাক সাজাতে পছন্দ করেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বই নির্বাচনের ক্ষেত্রে তাঁরা গ্রাহকের আগ্রহ, বইয়ের সমালোচনা, পাঠকের মতামত ও নিজেদের পড়াশোনার অভিজ্ঞতাকে কাজে লাগান। পাশাপাশি অনলাইন নিলাম, প্রকাশকদের সঙ্গে যোগাযোগ ও পুরোনো দুর্লভ বইয়ের বাজারে নিয়মিত নজর রাখেন তাঁরা। অনেক সময় বাজারে পাওয়া যায় না—এমন গুরুত্বপূর্ণ বইয়ের অবশিষ্ট কয়েক শ কপি প্রকাশকদের কাছ থেকে সংগ্রহ করেন এসব বিশেষজ্ঞ।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যভিত্তিক বিওক্স বুকসের প্রতিষ্ঠাতা ক্লেয়ার ট্রিমিংয়ের মতে, বিষয়টি অনেকটা বিশেষভাবে তৈরি পোশাকের মতো। তাঁর ভাষ্যমতে, একটি বাড়ির বিশাল বইয়ের তাক কেবল বই দিয়ে পূর্ণ করলেই হয় না, সেখানে মান ও বৈচিত্র্যের সমন্বয় থাকতে হয়। ৫০০টি নির্বাচিত বই সংগ্রহ করতেও কখনো তিন থেকে ছয় মাস সময় লাগে। তাঁর প্রতিষ্ঠানটি মূলত শিল্পকলা ও নকশাবিষয়ক বই সংগ্রহে বিশেষায়িত।
ইতালিভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান দামিয়ানি বুকসের প্রধান নির্বাহী সিলভিয়া পেসি জানান, বইকে এখন অনেকে কেবল পড়ার উপকরণ নয়, বরং আকর্ষণীয় বস্তু হিসেবে বিবেচনা করছেন। উন্নত মানের কাগজ, নির্বাচিত ছবি, নিখুঁত মুদ্রণ ও ইতালির দক্ষ কারিগরদের হাতে তৈরি বাঁধাইয়ের কারণে বই এখন বিলাসবহুল পণ্যে পরিণত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দামি শিল্পকর্ম বা ঘড়ির মতো বইও সামাজিক মর্যাদা প্রকাশের মাধ্যম হয়ে উঠছে। বই মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে। কেউ ঘরের সাজসজ্জার সঙ্গে মিলিয়ে বইয়ের আকার ও রং নির্বাচন করেন, আবার কেউ বসার ঘরের টেবিলে নির্দিষ্ট বিষয়ভিত্তিক বই রাখেন। তবে বই শুধু দেখানোর জন্য কেনা হচ্ছে—এমন ধারণার সঙ্গে একমত নন সংশ্লিষ্ট পেশাজীবীরা।
ফিলিপ ব্ল্যাকওয়েল এখন বই নির্বাচনের পাশাপাশি অন্দরসজ্জাবিদদের সঙ্গেও কাজ করছেন। বই বিষয় অনুযায়ী অথবা উচ্চতা অনুসারে সাজানো তাঁর কাজের অংশ। এছাড়া অনেক গ্রাহকের কাছে আগে থেকে থাকা হাজারো বই গোছানো, অপ্রয়োজনীয় বই বাদ দেওয়া ও নতুন বাড়িতে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়ার কাজও তাঁরা করে থাকেন। সব মিলিয়ে ব্যক্তিগত পাঠাগার এখন কেবল পড়ার জায়গা নয়, বরং এটি আভিজাত্য, ব্যক্তিগত রুচি ও সাংস্কৃতিক পরিচয়ের সম্মিলিত প্রকাশ।