ভ্রমণে নতুন ধারায় শখ পূরণে ঝুঁকছেন তরুণরা
নিছক ঘোরাঘুরির বদলে শখ পূরণের উদ্দেশ্যে ভ্রমণে আগ্রহী হচ্ছেন বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বর্তমান সময়ে ভ্রমণপিপাসুরা কেবল নতুন জায়গা দেখা বা বিলাসবহুল হোটেলে সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। বিশ্বজুড়ে ভ্রমণ খাতের বিশ্লেষণে ‘হবি হাবস’ নামে নতুন এক ধারার জনপ্রিয়তা উঠে এসেছে, যেখানে সমমনা বন্ধু বা পরিবারের সদস্যরা মিলে পাজল মেলানো, ছবি তোলা, তারা দেখা বা উল বোনার মতো শখ পূরণের উদ্দেশ্যে বিশেষ গন্তব্যে ছুটছেন। ভ্রমণবিষয়ক আবাসন প্রতিষ্ঠান ‘ভার্বো’র বার্ষিক ভ্রমণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে প্রায় ৬৮ শতাংশ ভ্রমণকারী তাদের শখকেন্দ্রিক ভ্রমণের পরিকল্পনা করছেন। এর মধ্যে জেন জি এবং মিলেনিয়াল তরুণদের হার ৭৯ শতাংশ।
বিজ্ঞাপন
জীবনধারা ও ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৮ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে তাদের ভ্রমণ পরিকল্পনায় শখের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শখকেন্দ্রিক ভ্রমণের তালিকায় শীর্ষে রয়েছে পাজল ও বোর্ড গেমস। এর পরেই রয়েছে ফটোগ্রাফি, রাতের আকাশে তারা দেখা বা ‘স্টারগেইজিং’, হস্তশিল্প বা ক্রাফটিং, উল বোনা, সেলাই এবং পুরানো ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করা। আন্তর্জাতিক ভ্রমণ প্রতিষ্ঠান ‘এক্সপিডিয়া গ্রুপ’-এর বৈশ্বিক জনসংযোগ বিভাগের সহ-সভাপতি মেলানি ফিশ বলেন, “ভ্রমণকারীরা এখন শুধু থাকার জায়গা খোঁজেন না; বরং প্রিয় মানুষদের সঙ্গে একত্রিত হয়ে পছন্দের কাজটি উপভোগ করার একটি উপলক্ষ্য খোঁজেন।”
ভার্বোর তথ্যমতে, মানুষ মূলত তিনটি কারণে এই ধরনের ভ্রমণ বেছে নিচ্ছেন। এর মধ্যে নতুন পরিবেশে নিজের শখ উপভোগ করা এবং সমমনা মানুষদের সঙ্গে সময় কাটানো—উভয়ই ৪১ শতাংশ করে এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে দূরে থাকা ৩৪ শতাংশ। মার্কিন প্রতিষ্ঠান ‘রান ওয়াইল্ড রিট্রিটস’-এর জ্যেষ্ঠ ‘রিট্রিট লিডার’ লিজ আর্নল্ড জানান, মানুষ এখন উদ্দেশ্যমূলক ভ্রমণ চাইছেন, যা দলের সদস্যদের মধ্যে দ্রুত গভীর বন্ধন তৈরি করে।
শখকেন্দ্রিক ভ্রমণের পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে বিলাসবহুল হোটেলের চেয়ে শখের উপযোগী পরিবেশ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন লিজ আর্নল্ড। তিনি বলেন, ভ্রমণের মূল উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া নয়, বরং চাপ ছাড়াই শখের কাজটি উপভোগ করা। ভ্রমণ পরামর্শক ও ‘এলিভেট হসপিটালিটি কালেক্টিভ’-এর প্রতিষ্ঠাতা এমিলি জনসন বলেন, “দলের সবার দক্ষতা সমান নাও হতে পারে এবং কেউই ২৪ ঘণ্টা একই কাজ করতে চাইবেন না।” তাই সবার কাজের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচি সাজানোর পাশাপাশি সরঞ্জাম ভাগ করে নেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।