৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা
দেশের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খননকাজ পরিচালনা করবে পানি উন্নয়ন বোর্ড
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে সরকার একটি বড় প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচসুবিধা বাড়ানো, মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা, যা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পটির মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। এই প্রকল্পের আওতায় নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং ডিজিটাল ডেটাবেজ তৈরির পরিকল্পনা রাখা হয়েছে। প্রকল্পটি আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। তবে নদীবিশেষজ্ঞরা বলছেন, দেশে নদী খননের ইতিহাস খুব একটা ভালো নয়, কারণ কখনো বিজ্ঞানসম্মত উপায়ে খননকাজ পরিচালিত হয়নি।
নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘পানির উৎস নিশ্চিত না করে খনন করলে সুফল পাওয়া যায় না। নদীর মাপ ঠিক রেখে খনন করতে হবে। নয়তো নদী কেটে খাল করলে সেটা কোনো কাজে আসে না।’ তিনি অতীতের মতো অব্যবস্থাপনা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ৪৮১টি খাল খনন ও পুনঃখনন করা হবে, যার মোট দৈর্ঘ্য ৬ হাজার ২৯৭ কিলোমিটার। এসব খাল থেকে প্রায় ১ হাজার ৬৮৬ লাখ ঘনমিটার মাটি অপসারণের পরিকল্পনা রয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৪৭ কোটি টাকা, যা প্রকল্পের মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ। এছাড়া ১৫১টি ছোট নদীর ২ হাজার ৫৭০ কিলোমিটার খনন ও পুনঃখননে ব্যয় হবে ৩ হাজার ১২৪ কোটি টাকা, যেখানে মাটি কাটার পরিমাণ ১ হাজার ৬১৩ লাখ ঘনমিটার। পাশাপাশি ১২টি জলাশয়ের ২৬ কিলোমিটার পুনঃখননে ব্যয় হবে ২৬২ কোটি টাকা এবং সেখান থেকে ১৮ লাখ ঘনমিটার মাটি অপসারণ করা হবে।
বিজ্ঞাপন
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, পাউবোর বিশেষজ্ঞ কমিটি মাঠপর্যায়ে কাজ করে নদী ও খাল বাছাই করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতি কিলোমিটার নদী খননে ব্যয় হবে ১ কোটি ২১ লাখ টাকা এবং খালে ব্যয় হবে ৫৪ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ বলেন, ‘যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা প্রকল্পের মধ্যে রাখা হয়েছে। এটা সরকারের অগ্রাধিকার প্রকল্প। মূলত নদীর পানি ধারণ ঠিক রেখে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।’
খনন থেকে পাওয়া বিপুল পরিমাণ মাটি ব্যবস্থাপনার জন্য জেলা কমিটির সহায়তা নেওয়া হবে। এই মাটি সরকারি জমি, রাস্তা ও ধর্মীয় স্থাপনার জায়গা ভরাট কাজে ব্যবহার করা যাবে এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া জাতীয় পানিসম্পদ ডেটাবেজ তৈরি এবং জিআইএস প্রযুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ৬৪টি প্যাকেজের মাধ্যমে ল্যান্ডস্কেপিং ও দখলমুক্তকরণে ৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নদী ও খালের পাড়ের মাটি ক্ষয় রোধে ৪৪৪টি উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৮৯ লাখ বর্গমিটার এলাকায় বিন্না ঘাস লাগানো হবে। এছাড়া পাউবোর ৭০টি আঞ্চলিক বিভাগের মাধ্যমে নদী ও খালের পাড়ে ১ লাখ ৭ হাজার গাছ লাগানোর জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, এর ফলে খাল, নদী ও জলাশয়ের পানি ধারণক্ষমতা প্রায় ৩ হাজার লাখ ঘনমিটার বাড়বে এবং ১৭ লাখ ৫০ হাজার হেক্টর এলাকার পানিনিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে। এছাড়া ২ লাখ ৬৫ হাজার হেক্টর কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা দেখছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।