হিজামা বা কাপিং থেরাপি: একটি প্রাচীন সুন্নতি চিকিৎসা পদ্ধতি
রাসুলুল্লাহ (সা.) নিজে হিজামা করিয়েছেন এবং উম্মতকে এর উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
হিজামা বা কাপিং থেরাপি হলো একটি প্রাচীন ও পরীক্ষিত চিকিৎসা মাধ্যম। দৈহিক সুস্থতা ধরে রাখা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য ইসলামের ঐতিহ্যে এই পদ্ধতির বিশেষ স্থান রয়েছে। আধুনিক বিশ্বে বর্তমানে এই চিকিৎসা পদ্ধতিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
বিজ্ঞাপন
হিজামা কেবল একটি প্রচলিত প্রথা নয়, বরং এটি হজরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশিত একটি সুন্নতি চিকিৎসা। নবীজি (সা.) নিজে হিজামা গ্রহণ করেছেন এবং এর উপকারিতা জানিয়ে উম্মতকে এটি ব্যবহারে উৎসাহিত করেছেন। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘জিবরাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, এর মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম: ৭৪৭০)।
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) উল্লেখ করেছেন, ‘তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও, হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলদায়ক।’ (সহিহ মুসলিম: ৩৯৩০)। এছাড়া জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে গিয়ে পরামর্শ দেন, ‘আমি প্রত্যাবর্তন করব না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (সহিহ বুখারি: ৫৬৯৭)।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত—শিঙা লাগানো (হিজামা), মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (সহিহ বুখারি)।
রাসুলুল্লাহ (সা.) প্রয়োজনে শরীরের বিভিন্ন স্থানে হিজামা করিয়েছেন। আনাস বিন মালিক (রা.)-এর বর্ণনায় পাওয়া যায়, নবী করিম (সা.) পায়ে ব্যথা অনুভব করায় ইহরাম অবস্থায় হিজামা করিয়েছিলেন। এছাড়া মাথাব্যথা, পিঠ ও ঘাড়ের ব্যথার জন্য তিনি হিজামা করেছেন। (সুনানে নাসায়ি: ২৮৫২)। হিজামার গুরুত্ব এতটাই যে, মিরাজের রাতে ফেরেশতাদের প্রতিটি দলই নবীজি (সা.)-কে হিজামা করানোর পরামর্শ দিয়েছিলেন এবং তাঁর উম্মতকেও এর আদেশ করতে বলেছিলেন। (সুনানে ইবনে মাজাহ: ৩৪৭৯, জামে তিরমিজি: ২০৫২)।