আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর
দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান দেওয়ার পরিকল্পনা সরকারের
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দেশের আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ওলামায়ে কেরাম ও পির-মাশায়েখের সঙ্গে আছি এবং থাকব। ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, ইনশাআল্লাহ তা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন।’ তিনি আরও বলেন, ইসলামের উন্নয়ন এবং দেশের আলেম-ওলামাদের কল্যাণে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
খতমে নবুওয়াতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন। নবুওয়াতের সেই ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। কওমি মাদ্রাসাগুলো দেশের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি যত্নবান হওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার নিয়মিত কাজ করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, বাংলাদেশের হজযাত্রীর কোটা পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে, যার জন্য তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।