রেকর্ড গড়ে মেজর লিগ সকারের (এমএলএস) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন মিডফিল্ডার ক্যাভান সুলিভান। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই বিরল সম্মান অর্জন করলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২০ সালের আগস্টে ওর্ল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক (২০ বছর ৯৮ দিন বয়স) কনিষ্ঠ হিসেবে এই পুরস্কার জিতেছিলেন।
সেপ্টেম্বর মাসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫-০ ব্যবধানে অপরাজিত থেকে মাস শেষ করেছে। এই সাফল্যে বড় অবদান রেখেছেন সুলিভান। তিনি এমএলএসের সর্বোচ্চ ৯ গোলে অবদান রেখেছেন। টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ ৫টি অ্যাসিস্ট এবং যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৪টি গোল করেন এই তরুণ মিডফিল্ডার।
টানা আট ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার দুর্দান্ত রেকর্ড গড়েছেন তিনি। চলতি মৌসুমে ২৪ ম্যাচে (১৭টিতে একাদশে) ১ হাজার ৪৫০ মিনিট মাঠে থেকে ৭টি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন সুলিভান। তার এই ১৯টি গোল কন্ট্রিবিউশন ২০১৮ সালে আলফোনসো ডেভিসের করা রেকর্ডের সুবাদে এমএলএস ইতিহাসে কোনো কিশোরের এক মৌসুমে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে ২০২৪ সালের ১৭ জুলাই নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নেমে উত্তর আমেরিকার পেশাদার দলগত ক্রীড়া ইতিহাসের কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন সুলিভান। সে সময় ফিলাডেলফিয়ার এই স্থানীয় তরুণের বয়স ছিল ১৪ বছর ২৯৩ দিন।
এমএলএস নেক্সট লিগ এবং এমএলএস নেক্সট প্রো থেকে মূল দলে খেলার পথ পাড়ি দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস মাসসেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করলেন এই তরুন।
সূত্র: রয়টার্স।








মন্তব্য