আসিয়ান কাপে ৯-২ গোলের লজ্জাজনক হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবের ছবি ঘিরে যে শোরগোল পড়েছিল, তাতে নতুন মোড় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর অবশেষে সেই সমালোচিত পোস্ট নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ান তরুণী এলেনা।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবি ও ভিডিওগুলো ইন্দোনেশিয়ার নয়, বরং দুই মাস আগে নেপালে তোলা।
বিতর্ক দানা বাঁধার পর সামাজিক মাধ্যম এক্সে এলেনা লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। তখন আমার সঙ্গে খুব চমৎকার ও পেশাদার কয়েকজন বন্ধুর পরিচয় হয়েছিল।’
বাংলাদেশি ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে বিষয়টিকে আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনা হিসেবে উপস্থাপনের পরিপ্রেক্ষিতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখপ্রকাশও করেন।
এলেনা জানান, ‘আমার পোস্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময়ই ভ্রমণ শেষ করার অনেক পর ছবি বা ভিডিও পোস্ট করে থাকি। ভ্রমণের সময়ে নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তগুলো উপভোগ করতেই আমি সঙ্গে সঙ্গে কিছু পোস্ট করি না।’
এর আগে এলেনার প্রথম পোস্টকে কেন্দ্র করে দেশের ফুটবলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
ফুটবলপ্রেমীদের ধারণা হয়েছিল, ম্যাচের ঠিক আগেই বা পরে শৃঙ্খলা ভেঙে জাকার্তার নৈশক্লাবে সময় কাটিয়েছেন ফুটবলাররা। যদিও গণমাধ্যমকে সাদ উদ্দিন ও সোহেল রানা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, ঘটনাটি জাকার্তার নয়, বরং আসিয়ান কাপের অনেক আগে নেপালে ছুটির দিনগুলোতে ঘটেছিল। এছাড়া সাদ জানিয়েছেন, নতুন করে তার ‘অনুরোধেই’ ওই নারী পোস্ট করেছেন।








মন্তব্য