পর্তুগাল কোচ হোর্হে জেসুসের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ডিলিট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। জাতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যবর্তী চরম দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক বিরতির মাঝপথেই রোনালদোর দল ছেড়ে যাওয়ার ঘটনার পর এই নতুন বিতর্ক তৈরি হলো।
রোনালদোকে জেসুস যেভাবে সামলেছেন, তার সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি সাবেক ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের বক্তব্য বলে দাবি করা একটি পোস্ট শেয়ার করেছিলেন জর্জিনা। তবে পরে জানা যায়, ফার্গুসনের নামে চালানো সেই উক্তিগুলো সম্পূর্ণ ভুয়া ছিল। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন জর্জিনা।
ফার্গুসনের নাম ব্যবহার করে বানানো সেই পোস্টের একটি বাক্যে লেখা ছিল, জেসুস যদি মনে মনে তাকে ব্যবহারই না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে দলে ডাকলেন কেন? নিজের কর্তৃত্ব জাহির করতে? এটি কোনো কর্তৃত্ব নয়; বরং তার হীনমন্যতা।
জেসুসকে আক্রমণ করে আরেকটি বিতর্কিত লাইনে বলা হয়, এই লোক কীভাবে নিজের নামের সঙ্গে ‘ক্রাইস্ট’ (যিশু) নামটি বহন করেন, আমি বুঝি না।
কোচ জেসুসের সঙ্গে মনোমালিন্য তুঙ্গে উঠলে একপর্যায়ে পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যান রোনালদো। তবে নরওয়েকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর পুরো বিষয়টিকে খুব একটা আমল দিতে চাননি পর্তুগিজ কোচ। একে স্রেফ একটি ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করে ভবিষ্যতে রোনালদোর জাতীয় দলে ফেরার দুয়ার খোলা রেখেছেন তিনি।
এদিকে রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগিরেও এই বিতর্কে জড়িয়েছেন। জেসুসের বিরুদ্ধে অধিনায়ক রোনালদোর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ এনেছেন তিনি। সব মিলিয়ে পর্তুগিজ মহাতারকাকে ঘিরে তৈরি হওয়া এই ঝড় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।








মন্তব্য