আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ অভিযোগ

আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ অভিযোগ

প্রথমার্ধের খেলা শেষে রেফারির বাঁশি বাজতেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। আয়ারল্যান্ডের কোচিং স্টাফ সদস্য ড্যামিয়েন ডয়েলের দিকে থুতু ছিটিয়ে বসেন ইসরায়েলের এক ফুটবলার। আইরিশ সংবাদমাধ্যমের বরাততে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। রাজনৈতিক টানাপোড়েন ও যুদ্ধপরিস্থিতির ছায়ায় অনুষ্ঠিত ইউয়েফা নেশনস লিগের…

প্রথমার্ধের খেলা শেষে রেফারির বাঁশি বাজতেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। আয়ারল্যান্ডের কোচিং স্টাফ সদস্য ড্যামিয়েন ডয়েলের দিকে থুতু ছিটিয়ে বসেন ইসরায়েলের এক ফুটবলার। আইরিশ সংবাদমাধ্যমের বরাততে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

রাজনৈতিক টানাপোড়েন ও যুদ্ধপরিস্থিতির ছায়ায় অনুষ্ঠিত ইউয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ফুটবলের চেয়ে এমন অনভিপ্রেত ঘটনাই কেড়ে নিয়েছে মূল নজর। বিতর্ক আর উত্তেজনায় ঘেরা জোড়া ম্যাচের সিরিজ শেষ হওয়ায় অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আইরিশ কোচ।

রোববার (৪ অক্টোবর) রাতে সার্বিয়ার মাঠে দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের আইসল্যান্ডিক কোচ হেইমির হালগ্রিমসন বলেন, সিরিজটি শেষ হওয়ায় আমি সত্যি আনন্দিত। এটি আমাদের সবার ওপরই বড় মানসিক চাপ তৈরি করেছিল। খেলোয়াড়দের পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কঠিন পরিস্থিতিতেও তারা দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে। গত দুই সপ্তাহে আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, কোনো দেশের জাতীয় দল যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়।

আইরিশ কোচের দিকে থুতু দেওয়ার ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি মন্তব্য এড়িয়ে হালগ্রিমসন জানান, আমি সেখানে উপস্থিত ছিলাম, তবে এ বিষয়ে কথা বলব না। বিষয়টি এখন শৃঙ্খলা কমিটির বিচারে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কোচ রান বেন-শিমোন দাবি করেন, বিরতির সময় তিনি ড্রেসিংরুমে থাকায় ঘটনাটি দেখেননি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম তীব্র সমালোচক আয়ারল্যান্ড। গত সপ্তাহে প্রথম লেগের খেলায় হাঙ্গেরির মাঠে ৩-০ গোলে জিতেছিল আইরিশরা। রাজনীতি ও কূটনৈতিক উত্তেজনার কারণে এবারও সার্বিয়ার নিরপেক্ষ ভেন্যুতে দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে বাধ্য হয় আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

এদিন মাঠে দর্শক না থাকলেও দুই দলের মধ্যবর্তী স্নায়ুযুদ্ধ ছিল স্পষ্ট। আগের ম্যাচের মতো এবারও হ্যান্ডশেক কিংবা ট্র্যাডিশনাল ফ্ল্যাগ বিনিময় করেননি ফুটবলাররা। প্রতিপক্ষের জাতীয় সংগীত বাজানোর সময় মাথা নিচু করে রাখেন তারা। এ ছাড়া গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আয়ারল্যান্ড। 

ম্যাচের ৩৯তম মিনিটে ট্রয় পারটের পেনাল্টি গোলে আয়ারল্যান্ড এগিয়ে গেলেও বিরতির পরপরই দোর পেরেসের গোলে সমতায় ফেরে ইসরায়েল। দ্বিতীয় অর্ধে ইসরায়েলের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে এলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন