ভারতীয় নারী ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত কৌর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানছেন না বলে স্পষ্ট করেছেন তিনি।
হারমানপ্রীতের নেতৃত্বে ভারতীয় নারী ক্রিকেট দারুণ এক স্বর্ণযুগ পার করেছে। তার হাত ধরেই ২০২৫ সালে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতে ভারত। এ ছাড়া তার অধিনায়কত্বে ২০১২, ২০১৬ ও ২০২২ সালে এশিয়া কাপ জয়ের পাশাপাশি ২০২২ ও ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জেতে দলটি। ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জয়ের পর তার নেতৃত্বেই ১৯৯৯ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় ওডিআই সিরিজ জেতার স্বাদ পায় ভারত।
ভারতের হয়ে সব মিলিয়ে ২১১টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন হারমানপ্রীত। এর মধ্যে রেকর্ড ১৫৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যা নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।
ইনস্টাগ্রামে নিজের আবেগঘন পোস্টে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ আমি সব সংস্করণের ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সিদ্ধান্তটি সহজ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ ও এমন কিছু মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমি এই দল ও ভারতীয় ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি- আমার রক্ত, ঘাম, সময় এবং বহুবার নিজের ব্যক্তিগত লক্ষ্যকেও বলি দিয়েছি। কারণ আমি বিশ্বাস করতাম, দলই সব সময় সবার আগে।’
২০১২ এশিয়া কাপে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রথম ভারতের নেতৃত্বের দায়িত্ব পান হারমানপ্রীত। এরপর ২০১৬ সালে ক্ষুদ্রতম সংস্করণের পূর্ণাঙ্গ অধিনায়কত্ব পান এবং ২০২২ সালে মিতালি রাজের অবসরের পর তিন সংস্করণেই ভারতের স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন।
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, আজ হয়তো অধিনায়কত্বের অধ্যায় শেষ হচ্ছে; কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না।
হারমানপ্রীত সরে দাঁড়ানোয় ভারতীয় নারী ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা।
সূত্র: ক্রিকইনফো।








মন্তব্য