জিনেদিন জিদানের অধীনে মাইকেল ওলিসে আবার নিজের জাত চেনালেন। ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যে তিনিই, সোমবার (৫ অক্টোবর) রাতে বেলজিয়ামের বিপক্ষে আরও একবার তার প্রমাণ দিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা।
উয়েফা নেশনস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ওলিসে। এরপর মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরও এক গোল। ফলে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।
ওলিসের এই দারুণ ফর্ম কেবল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচেই সীমাবদ্ধ ছিল না। সদ্য সমাপ্ত এই আন্তর্জাতিক বিরতিতেই চারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি, যা তাকে বিশ্ব ফুটবলের এই মুহূর্তের অন্যতম সেরা প্রভাব বিস্তারকারী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্টাদ দ্য ফ্রান্সে ম্যাচ শেষে ফরাসি টিভি চ্যানেল ‘টিএফওয়ান’-কে ওলিসে বলেন, আমার মনে হয় ম্যাচের শেষভাগটা আমরা দুর্দান্ত খেলেছি। প্রথম অর্ধে প্রতিপক্ষ যখন রক্ষণভাগে জমাট বাঁধিয়ে (লো-ব্লক) খেলে, তখন জালের দেখা পাওয়া সবসময়ই কঠিন। তবে আমরা চাপ বজায় রেখেছিলাম এবং শেষটা ভালো হওয়ায় আমরা খুব খুশি।
নিজের অসাধারণ পারফরম্যান্সের পেছনে সতীর্থ ও কোচ জিনেদিন জিদানের ভূমিকার কথা উল্লেখ করে ‘ফুট মার্কাটো’কে এই তরুণ তারকা বলেন, সব কৃতিত্ব দলের। কোচ (জিদান) মাঠের পরিকল্পনা ঠিক করে দেন, আর আমরা সেটাই হুবহু মেনে চলি। আমরা এভাবেই সামনে এগিয়ে যেতে চাই।
ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে খেলা উপভোগ করা নিয়ে তিনি আরও যোগ করেন, ফরাসি দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চ বোধ করি। এই দলের হয়ে খেলার অনুভূতিটাই অন্যরকম। এখানে অনেক বিশেষ মাপের খেলোয়াড় রয়েছে, সবার সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত।
সূত্র: গোলডটকম।








মন্তব্য