সমালোচনার মুখে ফ্রান্স তারকা পাশে দাঁড়ালেন জিদান

সমালোচনার মুখে ফ্রান্স তারকা পাশে দাঁড়ালেন জিদান

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি উসমান দেম্বেলে। তবে জাতীয় দলের হয়ে এমন কঠিন সময় পার করলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ডের পাশেই থাকলেন জিনেদিন জিদান। ফরাসি কোচ জানিয়ে দিলেন, দেম্বেলের পারফরম্যান্সে তিনি খুশি।…

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি উসমান দেম্বেলে। তবে জাতীয় দলের হয়ে এমন কঠিন সময় পার করলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ডের পাশেই থাকলেন জিনেদিন জিদান। ফরাসি কোচ জানিয়ে দিলেন, দেম্বেলের পারফরম্যান্সে তিনি খুশি।

২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে বেলজিয়ামের বিপক্ষে রাইট উইংয়ে নিজের সেরা ছন্দে ছিলেন না। চলতি আন্তর্জাতিক বিরতিতে এমনিতেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। তবে ম্যাচ শেষে কোচের কাছ থেকে ঠিকই প্রশংসায় ভেসেছেন এই ফরাসি তারকা।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জিদান বলেন, আমার মনে হয় উসমান খুব ভালো খেলেছে, বিশেষ করে ম্যাচের শুরুতে এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। মাঠে সে বেশ গতিশীল ছিল, এ নিয়ে কোনো সমস্যা নেই।

ফরাসি কোচ আরও যোগ করেন, আমরা তাকে সব পজিশনেই খেলতে দেখতে অভ্যস্ত, আর সব পজিশনেই সে ভালো। সে যা খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। সে আমাদের নেতা এবং সতীর্থদের জন্য দারুণ এক উদাহরণ। আমি সত্যিই আনন্দিত।

জিদান দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পাননি দেম্বেলে। বেলজিয়াম ম্যাচের আগে এই গোল-খরা তার ওপর চাপ বাড়িয়েছিল বহুগুণ। তবুও শিষ্যের ঢাল হয়েই দাঁড়ালেন জিদান।

অন্যদিকে, এই ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে জোড়া গোল করেন তিনি। এর আগে ৮১ মিনিটে রায়ান চেরকির গোলেও সহায়তা করে ফ্রান্সের সহজ জয় নিশ্চিত করেন ওলিসে।

বোঝাই যাচ্ছে, জিদান এখনো দেম্বেলের ওপর পূর্ণ আস্থা রাখছেন। জাতীয় দলের জার্সিতে গোল বা অ্যাসিস্টের সংখ্যা হয়তো কিছুটা কমেছে। তবে সামনের দিনগুলোর জন্য দলের এই তারকা ও নেতার পাশেই দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন ফরাসি কোচ।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন