মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। তবে এটি নিছকই কোনো সাধারণ প্রীতি ম্যাচ নয়।
এই ম্যাচের মধ্য দিয়েই বর্তমান প্রজন্মের- কারও কারও মতে সর্বকালের- সেরা ফুটবলার লিওনেল মেসি শেষবারের মতো আলবিসেলেস্তেদের আকাশি-সাদা জার্সিতে মাঠে নামছেন।
২০০৫ সালে শুরু হওয়া তার ২১ বছরের দীর্ঘ ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে এই লড়াই দিয়ে।
ফুটবল বিশ্ব যখন আন্তর্জাতিক ফুটবলে মেসির এই যাত্রাকে বিদায় জানাচ্ছে, চলুন পরিসংখ্যানের আয়নায় দেখে নেওয়া যাক আর্জেন্টিনা জাতীয় দলে তার অবিস্মরণীয় ক্যারিয়ার।
১
একটি বিশ্বকাপ ট্রফি। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে মেসির হাত ধরে বিশ্বকাপের ট্রফি জেতে আর্জেন্টিনা।
২
২০২১ ও ২০২৪ সালে আর্জেন্টিনাকে মহাদেশীয় সেরা দুটি কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এ ছাড়া ২০১৪ এবং ২০২২ সালের বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন দুটি গোল্ডেন বল পুরস্কার।
৩
মেসির নেতৃত্ব ও উপস্থিতিতে আর্জেন্টিনা মোট তিনটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় (২০১৪ সালে জার্মানির কাছে এবং ২০২৬ সালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়)।
৫
২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করেন মেসি। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনা পুরুষ দলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোলের রেকর্ডে হুয়ান মারভেজি (১৯৪১) ও হোসে ম্যানুয়েল মোরেনোর (১৯৪২) পাশে নাম লেখান।
৬
২০০৬ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে মোট ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি, যা পুরুষ ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে যৌথভাবে সর্বোচ্চ।
১১
আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১১টি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে তার প্রথম হ্যাটট্রিকটি এসেছিল, আর সবশেষটি এসেছে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।
১৮
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় মেসির গায়ে ছিল ১৮ নম্বর জার্সি।
২১
বিশ্বকাপে মোট ২১টি গোল করেছেন মেসি। যার মধ্যে ২০২২ বিশ্বকাপে ৭টি এবং ২০২৬ আসরে ৮টি গোল রয়েছে, যা আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে ভূমিকা রাখে।
২৫
আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৫টি গোলের মধ্যে ২৫টি এসেছে পেনাল্টি স্পট থেকে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি (৩টি) পেনাল্টি মিস করার রেকর্ডটিও তার দখলে।
৪৭
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তরুণ মেসিকে।
১২৫
আর্জেন্টিনার হয়ে ১২৫টি গোল করেছেন মেসি, যা আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর (পর্তুগালের হয়ে ১৪৬ গোল) পর দ্বিতীয় সর্বোচ্চ।
২০৮
বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।
২০০৯
হুয়ান রোমান রিকেলমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০০৯ সালে ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পান মেসি।
২০১৬
২০১৬ সালের কোপা আমেরিকা সেন্তেনারিওর ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার পর আবেগঘন হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সতীর্থ ও সমর্থকদের আকুল আবেদনের পর মাত্র দুই মাসের মাথায় ফের দলে প্রত্যাবর্তন করেন।
৭,৭২০
১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর ৩৯ বছর বয়সে শেষ ম্যাচ খেলার মধ্যবর্তী সময়—মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের আয়ু মোট ৭,৭২০ দিন।
সূত্র: ইয়াহু স্পোর্টস।








মন্তব্য