হরমুজ প্রণালিতে প্রবেশের সময় একটি তেলবাহী জাহাজের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর সেটিতে বিস্ফোরণ ঘটেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সি এর আগে কেশম দ্বীপের উপকূলের কাছে বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়। নৌপথ ব্যবহারের নিয়ম ভেঙে ওই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালানোর সঙ্গে বিস্ফোরণের ঘটনা জড়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিস্ফোরণের ঘটনায় জাহাজটির পরিচয় কী, কেউ হতাহত হয়েছেন কি না বা জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিরাপদ রাখতে মার্কিন বাহিনী কাজ করছে। তার দাবি, সংঘাত শুরুর আগের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে তেল পরিবহন বেশি হচ্ছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। জুনে একটি সমঝোতার পর অল্প সময়ের জন্য নৌপথটি আবার খুলে দেওয়া হলেও পরে উত্তেজনা বাড়তে থাকে। এর পর জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্র আবারও প্রণালিটিতে অবরোধ কার্যকর করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বাহিনী ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এর মধ্যে গত এক সপ্তাহেই ১০টি জাহাজকে অন্য পথে সরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: শাফাক নিউজ








মন্তব্য