ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) পঞ্চম আসরের খেলোয়াড় নিলামে ইতিহাস গড়েছেন ফজলহক ফারুকী। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে এই আফগান পেসারকে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আইএলটি২০-র নিলাম ইতিহাসে এটি সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড। ফারুকী ভেঙে দিয়েছেন অ্যান্ড্রে ফ্লেচারের ২ লাখ ৬০ হাজার ডলারের আগের রেকর্ডটি।
ফারুকী একা নন, আগের নিলামের রেকর্ড ছাড়িয়ে গেছেন আরও তিন ক্রিকেটার। ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে ডেরায় টেনেছে গালফ জায়ান্টস। এছাড়া রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার ডলারে রহমানউল্লাহ গুরবাজকে ধরে রেখেছে একই ফ্র্যাঞ্চাইজি। আর দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি ৩ লাখ ডলারে যোগ দিয়েছেন দুবাই ক্যাপিটালসে।
অন্যদিকে, শিরোপাধারী ডেসার্ট ভাইপার্স তাদের ঝুলিতে পুরেছে পাকিস্তানের চার তারকা বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান ও শাদাব খানকে। তাদের সবাইকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে দলে নিয়েছে ভাইপার্স। পঞ্চম আসরে আইএলটি২০-তে অভিষেক হতে যাচ্ছে বাবর আজমের। অন্যদিকে নাসিম ও ফখর ফিরছেন পুরোনো ডেরাতেই।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্থানীয় ক্রিকেটারদের নিয়েও ছিল প্রবল টানাটানি। দেশের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন অলরাউন্ডার মুহাম্মদ ওয়াসিম। ২ লাখ ১০ হাজার ডলারে আরটিএম কার্ড ব্যবহার করে তাকে নিজেদের করে রাখে এমআই এমিরেটস। এছাড়া আলিশান শারাফুকে ১ লাখ ১০ হাজার ডলারে নেয় আবুধাবি নাইট রাইডার্স। আর মুহাম্মদ রোহিদ ও আয়ান খান ৯৫ হাজার ডলার করে পেয়ে যথাক্রমে নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালসে নাম লিখিয়েছেন।








মন্তব্য